Tag Archives: বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না

বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না

ডেস্ক রিপোর্ট:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি।

তিনি বলেন, আমি তার পাশে আছি, থাকব। যা কিছুই হোক না কেন; যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।

তিনি আরও বলেন, আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি। আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং ১৫ বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান।

সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে তার পূর্ণ সমর্থন রয়েছে।

এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি তার (ড. ইউনূস) পাশে থাকব, যাই হোক না কেন। যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।

বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত ড. ইউনূস ১৭ কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত। তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব— এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৩ : চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা সেনানিবাস এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং
(জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া।

এ প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ৫৫ পদাতিক ডিভিশনের ইউপি লেন্স কর্পোরাল খাইরুল এনাম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ৩৩ পদাতিক ডিভিশনের সৈনিক সোহরাব আলী দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।

লক্ষ্মীপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের জন্য ৩২ টি ব্যারাক হস্তান্তর করেছে সেনাবাহিনী

 

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরের রামগতিতে আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের জন্য ৩২ টি ব্যারাক হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপোড়াগাছা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ব্যারাকগুলো হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের মেজর মো. রায়হানুল হাসান রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরীর কাছে ব্যারাকগুলোর চাবি হস্তান্তর করেন।  এ সময় উপস্থিত ছিলেন ৩ নং চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার এবং স্থানীয় নেতৃবৃন্দসহ আরো অনেকে।

ব্যারাক হস্তান্তর বিষয়ে ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লার ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর রায়হানুল হাসান বলেন, ১৯৯৯-২০০০ সালে আশ্রয়ণ প্রকল্পে নির্মিত টিনশেট ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়ে। এতে বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে ঘরগুলো সেমিপাকা করে নির্মাণের উদ্যোগ নেয়। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর কাজ শুরু হয়। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩৩ আর্টিলারি ব্রিগেডের তত্ত্ববধানে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এ প্রকল্প বাস্তবায়ন করে। এতে ৫টি করে ৩২টি ব্যারাক নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে ৫টি পরিবার করে ১৬০টি পরিবার বাসস্থানের সুযোগ পাবে। ব্যারাকগুলোর কাজ শেষ হওয়ায় উপজেলা প্রশাসনের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু চৌধুরী বলেন, পূর্বে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ছিল জরাজীর্ণ। নতুন করে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এখানে ১৬০টি পরিবারের জন্য সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।

এসময় সেনাবাহিনীর কাছ থেকে ব্যারাকগুলো বুঝে পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যারাক প্রাপ্ত স্থানীয় মোখলেছুর রহমান ও ছকিনা খাতুন নামে দুইজনকে চাবি হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় সেনাকর্মকর্তার স্ত্রীর পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ, ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

শান্তিরক্ষী মিশনে নিহত তথাকথিত সেনা কর্মকর্তার সহধর্মিনী পরিচয়ে প্রথমে বাসা ভাড়া এবং পরবর্তীতে স্বামীর অনুদানের টাকা উত্তোলনের নামে প্রতারণার মাধ্যমে কুমিল্লা জেলার কয়েকটি পরিবারের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিসি-২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম জামিরতলী গ্রামের মৃত. শামসুল হকের মেয়ে ও আব্দুর রহমানের স্ত্রী নুসরাত জাহান জান্নাত (২৭), একই গ্রামের আমির হোসেনের ছেলে ও জান্নাতের স্বামী আব্দুর রহমান (৩৫), মোহাম্মদ নগর গ্রামের মৃত. ইব্রাহিমের ছেলে সাহাবুদ্দিন @ আলাউদ্দিন (৪৬), একই গ্রামের আমির হোসেনের মেয়ে পারভীন আক্তার (৪৫), চাদঁপুর জেলার শাহরাস্তি উপজেলার থামপার গ্রামের হাজী বাড়ির মো: সোলায়মান মিয়ার ছেলে মোঃ ইলিয়াস হোসেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের কিশোর খানের স্ত্রী ফাতেমা আক্তার (৩৫) এবং বরুড়া উপজেলার এগারগ্রামের জাকির হোসেন আনুর ছেলে মোঃ বশির উদ্দিন।

সময়ের সাথে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি প্রতারকচক্র। সাম্প্রতিক সময়ে কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন বাসা-বাড়ীতে সাবলেট ও কোন প্রকার প্রয়োজনীয় তথ্যাদী ব্যতিত বাসা ভাড়া নিয়ে অপরিচিত পরিবারের সাথে সু সম্পর্ক স্থাপন করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কয়েকটি পরিবারের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বেশ কিছু প্রতারণার চিত্র প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের নিকট উপস্থাপন করা হলেও এই ধরণের আরো অনেক প্রতারণার চিত্র ভূক্তভোগীদের অজ্ঞতার কারণে সাধারণ মানুষের নিকট উপস্থাপন হয়নি। এধরনের প্রতারণার স্বীকার দুইজন ভূক্তভোগী মোছাঃ হাসিনা বেগম (৭০) এবং মোছাঃ সালমা মির্জা, (২১) গত ২০ আগষ্ট র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লায় স্ব-শরীরে হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যেখানে তারা উল্লেখ করেন, শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে এবং স্বামীর অনুদানের টাকা উত্তোলনের নামে প্রতারণার মাধ্যমে তাদের নিকট হতে আট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। ভূক্তভোগী হাসিনা বেগম দৌলতপুর, টিএন্ডটি মোড়, হাকিম মঞ্জিলের মালিক। জুলাই মাসে নুসরাত জাহান জান্নাত (২৭), নিজেকে শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে আমার বাসার ফ্ল্যাট ভাড়া নেয়। তার নিকট জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য তথ্যাদি চাহিদা করলে তিনি বলেন আমার শ্বশুড় শ্বাশুড়ী আমাকে শারিরীক ও মানসিক নির্যাতন করায় আমি বাসা ছেড়ে চলে আসছি, খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাকে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে দিবো এবং আমি আপনার বাসায় ২-৩ মাসের মতো থাকবো কারণ ধর্মপুর এলাকায় আমি নিজের জমিতে বাড়ী তৈরীর কাজ শুরু করবো। পরবর্তীতে জান্নাত আমার সাথে বিভিন্ন প্রকার কথা বার্তার মাধ্যমে আমার মন জয় করে এবং প্রায়ই আমার খোজ খবর নেয়। একই অভিযোগে ভূক্তভোগী সালমা মির্জা জানায়, ভূক্তভোগী একজন ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী। জান্নাত তার পাশের ফ্ল্যাটে বাসা ভাড়া নেয়ার পর ভূক্তভোগীর সাথে বিভিন্ন প্রকার তালবাহানা করে প্রতিনিয়ত তার রুমে প্রবেশ করে এবং তার সাথে সুসম্পর্ক গড়ে তোলে। জান্নাত তাদের উভয়কে জানায়, এই মাসের মধ্যে তার স্বামীর সরকারী অনুদানের টাকা সোনালী ব্যাংক লিঃ কোর্ট বিল্ডিং, কুমিল্লা শাখায় জমা হয়েছে এবং উক্ত টাকার পরিমাণ ১ কোটি টাকা; যাহা উত্তোলন করিতে উক্ত ব্যাংকে ১০% হারে ভ্যাট হিসেবে ১০ লক্ষ টাকা জমা দিতে হবে। জান্নাত তাদেরকে জানায়, তার নিকট ২ লক্ষ টাকা রয়েছে এবং ভূক্তভোগীরা যদি তাকে ৮ লক্ষ টাকা সংগ্রহ করে দিতে পারে তাহলে সে তার অনাত ছেলেটিকে নিয়ে বাঁচতে পারবে এবং একই সাথে টাকা উত্তোলনের ৩০ মিনিটের মধ্যে তাদের টাকার সাথে ১ লক্ষ করে অতিরিক্ত টাকা ফেরত প্রদান করবে। জান্নাতের কথা অনুযায়ী ০৮ আগষ্ট ভূক্তভোগীরা ৮ লক্ষ টাকা প্রদান করে এবং টাকা প্রাপ্তির পর পরই জান্নাত উধাও হয়ে যায়। যেহেতু জান্নাতের কোন পরিচয়পত্র বা তথ্যাদি ভূক্তভোগীদের নিকট ছিলনা এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তাই তাহারা থানায় জিডি করেন এবং আমাদের নিকট অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের সত্যতা যাচাইপূর্বক র‌্যাব-১১, সিপিসি-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে। কয়েকটি সিসি টিভি ফুটেজ বিশ্লেষণপূর্বক গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনার মূল আসামী জান্নাত ও সংশ্লিষ্ট সকলকে চিহ্নিত করার নিমিত্তে একাধিক টীম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। এরই মধ্যে গত ০২ অক্টোবর আরেকজন ভূক্তভোগী মোঃ বিল্লাল হোসেন (২৫), আমাদের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন যেখানে তিনি উল্লেখ করেন আমার পার্শ্ববর্তী ফ্ল্যাটের একজন মহিলা তার স্বামী শান্তিরক্ষী মিশনে নিহত হয়েছেন এবং তার স্বামীর সরকারী অনুদানের টাকা উত্তোলন করতে ব্যাংকে ১০ লক্ষ টাকা জমা দিতে হবে বলে আমার নিকট হতে ৯ লাখ ৭০ হাজার টাকা ২ ঘন্টার জন্য ধার হিসেবে নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে। অভিযোগটি বিশ্লেষণ করে দেখা যায় পূর্বের অভিযোগের একই পক্রিয়া অনুসরণ করে এই ভূক্তভোগীর নিকট হতেও প্রতারণার মাধ্যমে টাকা গ্রহণ করা হয়েছে।

পূর্বের অভিয্গো হতে প্রাপ্ত তথ্যাদি ও নতুন অভিযোগটি যথাযথ বিশ্লেষণ করে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যায়। দুইটি ঘটনার মূলহোতা একজন মহিলা এবং তার পিছনে বেশ বড় একটি প্রতারক চক্র রয়েছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এই প্রতারকচক্রের মূল হোতা জান্নাত ও তার সহযোগীদের সনাক্ত করা হয় এবং ০৯ অক্টোবর রাতে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা নুসরাত জাহান জান্নাত এবং তার তিনজন সহযোগী আব্দুর রহমান , সাহাবুদ্দিন @ আলাউদ্দিন ও পারভীন আক্তার এবং কুমিল্লার সদর দক্ষিণ থানার কোটবাড়ী এলাকায় একই তারিখ রাতে আরেকটি পৃথক অভিযানে আরো ৩ জন সহযোগী মোঃ ইলিয়াস হোসেন, ফাতেমা আক্তার ও মোঃ বশির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে ৯টি মোবাইল ফোন, ০২টি চেক বই, নগদ ৩২ হাজার ৯ শত টাকা এবং বরুড়ার ভাড়া বাসার চাবি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, সম্পুন্ন প্রতারণার প্রক্রিয়াটি মুলত চারটি গ্রুপে সম্পাদন করা হয়। প্রথম গ্রুপ টার্গেট/বাসা চিহ্নিত করে, দ্বিতীয় গ্রুপ বাসা ভাড়া করে এবং টার্গেটের মন জয় করে টাকা প্রদানে সম্মতি করায়, তৃতীয় গ্রুপ ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করে এবং ব্যাংক এলাকা পর্যবেক্ষণ করে এবং চতুর্থ গ্রুপ সকল প্রকার যাতায়াত নিশ্চিত করে। এই প্রক্রিয়া অবলম্বন করে ইতিমধ্যে তারা কয়েকটি পরিবারের প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়।

গ্রেফতারকৃত আসামী ও চক্রের মূলহোতা নুসরাত জাহান জান্নাত জানায়, তার জন্মের ছয় মাসের মধ্যে তার পিতা মাতার ডিভোর্স হয় এবং ১৪ বছর পর্যন্ত সে তার দাদা-দাদীর নিকট বেড়ে উঠে। চৌদ্দ বছর বয়সে সে প্রথম বিয়ে করে এবং এক বছর সংসার করার পর ডিভোর্স হলে সে আবার বিয়ে করে এবং চার বছর সংসার করার পর পুনরায় ডিভোর্স হয়। তার প্রথম ঘরে একটি ও দ্বিতীয় ঘরে তিনটি সর্বমোট চারটি সন্তান রয়েছে। চক্রের মূলহোতা জান্নাত সার্জেন্ট রেজাউল করিমের বাসায় কাজ করার সময় জাতীয় পরিচয় পত্র তৈরী করে এবং মাতার নাম একই রাখলেও পিতার নাম সার্জেন্ট রেজাউল করিম হিসেবে লিপিবদ্ধ করে। এরপর জান্নাত তার বর্তমান স্বামী অর্থাৎ গ্রেফতারকৃত আসামী আব্দুর রহমানকে বিয়ে করে এবং অর্থনৈতিক অস্বচ্ছলতার মধ্য দিয়ে সংসার করে আসছে। ২০১৮-২০২০ সাল পর্যন্ত সে বিভিন্ন বাসা বাড়ীতে কাজ করার নামে ছোট ছোট চুরি করা শুরু করে এবং সফলতার সহিত বেশ কিছু টাকা উপার্জন করে। পরবর্তীতে ২০২১ সালে সে গ্রেফতারকৃত আসামী আব্দুর রহমান, সাহাবুদ্দিন, পারভীন আক্তার, মোঃ ইলিয়াস হোসেন, ফাতেমা আক্তার ও মোঃ বশির উদ্দিন এবং পলাতক আসামী কামাল (৩৫), পিতা-মৃত আশরাফ খান, আবুল খায়ের বাবুচী (৪৫), পিতা-বারু মিয়া, জাহানারা @বুলু (৩০), স্বামী-আবুল খায়ের বাবুচী, শালমানপুর, থানা-সদর দক্ষিণ এর সাথে অল্প পরিশ্রমে প্রতারণার মাধ্যমে কিভাবে নিজেদের অর্থনৈতিক স্বচ্ছল্লতা আনয়ন করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে এবং প্রতারনার এই কৌশলটি অনুসরণ শুরু করে।

উল্লেখ্য যে, আসামী পারভীন আক্তার চক্রের মূলহোতা জান্নাতের আপন ননদ এবং সাহাবুদ্দিন ননদের স্বামী। অপরদিকে আসামী আবুল খায়ের ও জাহানারা চক্রের মূলহোতা জান্নাতের আপন চাচা ও চাচী। জান্নাত জানায়, পলাতক আসামী আবুল খায়ের পেশায় একজন বাবুর্চী । তাই সে ও তার স্ত্রী পলাতক আসামী জাহানারা @বুলু বিভিন্ন বাসা বাড়ীতে রান্নার কাজ করার সময় যে সমস্ত বাড়ীতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং বাসা খালি আছে ঐ সমস্ত বাড়ীগুলো টার্গেট করে। খায়েরের দেয়া তথ্য অনুযায়ী জান্নাত ঐ সমস্ত বাড়ীতে নিজেকে শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। অধিকাংশ সময় সে তার নিকট জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য তথ্যাদি চাহিদা করলে তার শ্বশুড় শ্বাশুড়ী তাকে শারিরীক ও মানষিক নির্যাতন করায় সে বাসা ছেড়ে চলে এসেছে এবং খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে দিবে বলে বাসা ভাড়া নেয়। কোন বাড়ী ওয়ালা তাতে রাজি না হলে আসামী জান্নাত তার ভূল পরিচয় পত্রটি শুধুমাত্র প্রদান করে। ঐ বাড়িতে প্রথমে সে বাড়ীওয়ালা অথবা পার্শ্ববর্তী ফ্ল্যাটের কাউকে টার্গেট করে এবং তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। প্রথমদিকে টার্গেটকৃতদের বাড়ীতে বিভিন্ন প্রকার খাবার প্রদান করার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করে। এভাবে ৫-৭ দিন অত্যন্ত বিনয়ের সাথে বসবাসের মাধ্যমে সে টার্গেটকৃত ব্যক্তিদের মন জয় করে। এহেন পদ্ধতি অবলম্বন করেই সে ভূক্তভোগী মোঃ বিল্লাল হোসেন ও তার স্ত্রীর মন জয় করে এবং তাদের দুর্বল পয়েন্টগুলো খুজে বের করে। জান্নাত নিজের অনেক জায়গা সম্পত্তি রয়েছে বিষয়টি বিল্লাল এর স্ত্রীকে বুঝানোর জন্য জান্নাত আসামী মোঃ বশির উদ্দিনের সাথে সমঝোতা করে এবং প্রায়ই বশিরের দোকানে গিয়ে বিল্লালের স্ত্রীসহ গল্প করে ও পার্শ্ববর্তী সকল দোকান তার নিজের বলে দাবী করে। যখন ভূক্তভোগীরা তাকে অন্ধভাবে বিশ্বাস করা শুরুকরে তখন সুযোগ বুঝে তার স্বামীর সরকারী অনুদানের টাকা উত্তোলন করতে ব্যাংকে ১০ লক্ষ টাকা জমা দিতে হবে বলে ভূক্তভোগীর নিকট দশ লক্ষ টাকা ধার দেয়ার জন্য অনুরোধ করে। জান্নাত ভূক্তভোগীকে বলে সে ব্যাংক থেকে এক কোটি টাকা উত্তোলনের সাথে সাথে তাকে ব্যবসার জন্য বিনাসুদে ২০ লক্ষ টাকা ধার দিবে। যেহেতু ভূক্তভোগী বিল্লাল বিকাশের ব্যবসা করে এবং বর্তমানে ঋণগ্রস্থ রয়েছে তাই বিল্লালের স্ত্রী জান্নাতের কথায় বিশ্বাস করে টাকা দিতে রাজি হয় এবং ২০ সেপ্টেম্বর টাকা দিবে বলে জানায়। উল্লেখিত তারিখে ভূক্তভোগী বিল্লালের স্ত্রী আসামী জান্নাতের সহিত বিল্লালের বন্ধু তহিদুল ইসলাম সহ গ্রেফতারকৃত আসামী ইলিয়াসের অটো যোগে বরুড়া থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে রওনা করে এবং আসামী জান্নাত ভূক্তভোগী বিল্লালকে জানায় তার অনুদানের এক কোটি টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা বরুড়া সিটি ব্যাংক শাখা হতে উত্তোলন করতে হবে তাই বিল্লাল সিটি ব্যাংকের সামনে অপেক্ষারত থাকে। পথিমধ্যে গ্রেফতারকৃত আসামী বশির বরুড়া আল-আরাফা ব্যাংক এর সামনে সিএনজি নিয়ে অপেক্ষা করে এবং উক্ত সিএনজিতে উঠে আসামী জান্নাত ও বশির এবং ভূক্তভোগী বিল্লালের স্ত্রী ও বন্ধু তহিদুল ইসলাম কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক লিঃ, কুমিল্লা শাখায় গমন করে। সোনালী ব্যাংকে পৌছানোর পর আসামী জান্নাত তহিদুল ইসলামকে বরুড়া চলেযেতে বলে এবং ব্যাংক কর্মকর্তা ওরফে আসামী আব্দুর রহমান আসামী জান্নাতকে টাকা উত্তোলনের জন্য দুইজনের পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে বলে জানায়। ইতিমধ্যে আসামী সাহাবুদ্দিন ও পারভীন আক্তার ব্যাংক এলাকায় অবস্থান করে চারদিক পর্যবেক্ষণ করতে থাকে। তাদের নিকট থেকে ক্লিয়ারেন্স পেয়ে আসামী জান্নাত ব্যাংকের নীচে বিল্লালের স্ত্রীর নিকট থেকে টাকাগুলো তার হেফাজতে নিয়ে নেয়। পরবর্তীতে জান্নাত ও বিল্লালের স্ত্রী পার্শ্ববর্তী ষ্টুডিওতে ছবি তোলতে যায় এবং ৫ মিনিট পরে আসামী আব্দুর রহমান ব্যাংক কর্মকর্তা সেজে আসামী জান্নাতকে ফোন দিয়ে অতিদ্রুত ব্যাংকে ভ্যাটের টাকা জমা না দিলে আজকে আর অনুদানের টাকা উত্তোলন করতে পারবে না মর্মে জানায়। তাই আসামী জান্নাত বিল্লালের স্ত্রীকে ষ্টুডিওতে রেখে ব্যাংকে টাকা জমা করার উদ্দেশ্যে গমন করে। ইতিমধ্যে অপর আসামী ফাতেমা সিএনজি নিয়ে জান্নাতের জন্য অপেক্ষা করতে থাকে এবং জান্নাত ষ্টুডিও থেকে বের হয়ে সিএনজি যোগে দ্রুত অত্র এলাকা ত্যাগ করে মোবাইল ফোন বন্ধ করে আত্নগোপনে চলে যায়। পরবর্তীতে তাহারা সম্পুর্ণ টাকা নিজেদের মধ্যে পূর্ব নির্ধারিত অংশ অনুযায়ী ভাগ করে নেয়।

এ ঘটনায় ৭ জন গ্রেফতারকৃত, ৩ জন পলাতক এবং ২/৩ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাস মহামারিতে কঠোর লকডাউন বাস্তবায়নের পাশাপাশি নি:স্ব ও অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।

মঙ্গলবার(৬ জুলাই) সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে অসহায় ও হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল সাব্বির হাসান,পিএসসি উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় ক্যাপ্টেন আবরার ফায়িজ খানসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপহার প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল,৩ কেজি ডাল,৩ কেজি আলু, ১ কেজি চিনি,১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্য তেলসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন সড়কে করোনা ভাইরাস মহামারিতে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাফসসহ নানান স্বাস্থ্য উপকরণ বিতরণ করছেন সেনাবাহিনী।

খাদ্য সামগ্রী বিতরণকালে ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল সাব্বির হাসান.পিএসসি বলেন, করোনা ভাইরাস মহামারির আগ্রাসন রোধকল্পে সরকার লকডাউন দেওয়ার শুরু থেকে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং অসহায় ও দিনমজুর, হত দরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।

চান্দিনায় সেনাবাহিনীর মিলিটারি ফার্ম কর্তৃক ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে মিলিটারি ফার্ম কুমিল্লার ব্যাবস্থাপনায় ফ্রি ভেটেরিনারি ক্যাস্প পরিচালিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় চান্দিনার এতবারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রি ভেটেরিনারি ক্যাস্প পরিচালিত হয়।

চার সপ্তাহব্যাপী চলমান শীতকালীন প্রশিক্ষণে সেনাবাহিনীর সদস্যরা সামাজিক দায়বদ্ধতা থেকে প্রশিক্ষণের কর্মকান্ডের পাশাপাশি প্রশিক্ষণ এলাকার হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কল্যানমূলক কর্মকান্ড করে থাকেন।

তারই ধারাবাহিকতায় সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কুমিল্লার সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে চান্দিনার প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র জনসাধারনের বিভিন্ন গবাদিপশু গরু, ছাগল, হাস, মুরগী, কবুতর, পোষা পাখিকে মিলিটারি ফার্ম কুমিল্লা কর্তৃক বিনামূল্য চিকিৎসা, কৃমিনাশক ঔষধ ও টিকা দেওয়া হয়।

তাছাড়া খামার ব্যাবস্থাপনা,খামারের জৈব নিরাপত্তা বৃদ্ধি, গবাদি পশু অর্গানিক উপায়ে মোটা তাজাকরন, এন্টিবায়োটিকের অপব্যাবহার প্রতিরোধসহ কোভিড-১৯ এর বিরোদ্ধে শরীলে রোগ প্রতিরোধ বৃদ্ধিতে বয়লার মাংসের উপর গুরুত্ব আরোপে খামারীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এসময় গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির ১ হাজার গরু, ১০টি ঘোড়া, ৪০০টি ছাগল, ৫০টি ভেড়া, ১ হাজার ৫০০টি মুরগী, ৫০০টি হাঁস, ২০০ টি কবুতর, ১০টি টার্কি, ২০টি পোষা পাখিসহ মোট ৩ হাজার ৭০০ গবাদিপশুকে বিনামূল্য টিকা,কৃমিনাশক ঔষধ ও বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয়। এই সেবামূলক ক্যাম্পেইনটি গ্রামের দরিদ্র জনগোষ্ঠির মাঝে পশু,পাখি পালনে উৎসাহ সৃষ্টিসহ বেসরকারি পরিমন্ডলে সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জল করবে।

মিলিটারি ফার্ম কুমিল্লার সার্বিক ব্যাবস্থাপনায় এবং জেলা প্রাণি সম্পদ বিভাগ কুমিল্লার সহযোগীতায় পরিচালিত ক্যাম্পেইন উদ্বোধন করেন লেঃ কর্নেল মনজুর এলাহী পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল সাখাওয়াত পিপিএম পিএসসি অধিনায়ক, ৩৮ বীর কুমিল্লা সেনানিবাস ,মেজর ওমর ফারুক, ক্যাপ্টেন মোঃ মিজানুর রহমান, লেঃ মো.ওলিউর রহমান, লেঃ মো.শওকত জামান এবং চান্দিনা উপজেলার ভেটেরিনারি সার্জনসহ মিলিটারি ভেটেরিনারি কর্মকর্তাবৃন্দ।

দেশের যেকোনো প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনী মানুষের পাশে থাকবে – সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট:

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘অতীতের মতো আগামী দিনেও দেশের যেকোনো প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনী মানুষের পাশে থাকবে। যেমনটি এই করোনার সময়ে ছিল।’

রবিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে দক্ষিণ টরকী এলাকায় তার বাবা আব্দুল ওয়াদুদ সরকারের নামে প্রতিষ্ঠিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমাদের সীমান্তে তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। সরকারের নির্দেশে দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলার কাজে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. মো. ইলিয়াসসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস , কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন এবং  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ  ।

দুপুরে তাঁর গ্রামের বাড়িতে এই হাসপাতাল উদ্বোধন শেষে কুমিল্লা সেনানিবাসের উদ্দেশে তিনি রওনা দেন।

কুমিল্লা সেনাবাহিনীর ৪৪ পদাতিক ব্রিগেডের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার  ৪৪ পদাতিক ব্রিগেডের পরিচালনায় দি ম্যাজেষ্টিক এয়ারবোর্ন এর আয়োজনে  কুমিল্লার আলেখারচর বিশ্বরোড, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, সাহেবনগরের রাজাপুরে দরিদ্র ও অসহায় ১ শত মানুষের মাঝে ত্রাণ  এবং ৬৫ জনকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শনিবার (৯ জানুয়ারি) সকালে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনাবাহিনীর মেজর হাসান, ক্যাপ্টেন মুহতাসিম, ক্যাপ্টেন জোবায়ের, লেফট্যানেন্ট মুসরাতুল ও ল্যাফট্যানেন্ট আফিফ প্রমুখ।

কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

ইসতিয়াক আহমেদ :

বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেডের পরিচালনায় উজ্জীবিত একত্রিশ ব্যাটালিয়ন কয়েক শতাধিক  অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেছেন।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লার বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রাণ ও শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উজ্জীবিত একত্রিশ (৩১ বীর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: সাব্বির হাসান,পিএসসি। এ সময় এই  ব্যাটালিয়নের  অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: সাব্বির হাসান,পিএসসি বলেন, ববাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেডের সার্বিক পরিচালনায় আমরা উজ্জীবিত একত্রিশ ব্যাটালিয়ন গরীব-অসহায় মানুষের মাঝে শীতকালীন শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করে আসছি। মূলত দু:স্থ মানুষের পাশে দাড়ানো সেনাবাহিনীর একটি প্রয়াস। সেই প্রয়াসেই এই এলাকার অসহায় মানুষকে ত্রাণ ও শীতবস্ত্র দিয়ে সহায়তা করা। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

 

কুমিল্লা মহাসড়কের বেদে পল্লীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীত বস্ত্র বিতরণ

নাছরিন আক্তার হীরা:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার হাড়িখোলা বেদে পল্লীর গরীব , দুস্থ ও ছিন্নমুল বেদে পরিবারের সদস্যদের মাঝে স্থানীয় কুরছাপ হাইস্কুলে সেনা মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে আজ দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও ঔষধসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বেদে পল্লীর শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ২৫ সদস্যের একটি চিকিৎসক দল এ সেবা কার্য্যক্রম আয়োজন করে। কুমিল্লা সেনানিবাসের ১০১ পদাতিক ব্রিগেডের মাইটি সিক্সার্সের সহযোগিতায় এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে অংশ নেন ক্যাপ্টেন আয়েশা সিদ্দিকা, ক্যাপ্টেন সামিহা জামান, ক্যাপ্টেন জেরিন আফরোজ ও ক্যাপ্টেন আসিফ ইকবালসহ অন্যান্য সদস্যবৃন্দ । এছাড়া বেদে পল্লীর পরিবারের মাঝে ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেন এ দলের সদস্যগন, এ সময় তাদের মধ্যে করোনা প্রতিরোধে মাস্কসহ অন্যান্য সামগ্রীও বিতরণ করা হয়।

৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হুদা খান জানান, করোনা মহামারীর শুরুতে সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার আটটি মেডিক্যাল টিম দায়িত্বপূর্ণ ছয়টি জেলায় গরীব ও দুস্থ সাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, করোনা সচেতনতা সৃষ্টি ও গর্ভবতী মায়েদের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরন কার্য্যক্রম পরিচালনা করে আসছে। জিওসি এবং এরিয়া কমান্ডার মহোদয়ের উদ্যোগ ও নির্দেশনায় এ কর্মসূচীকে পিছিয়ে পড়া জনগোষ্টীর আরো দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকার বস্তি, বেদে পল্লী , এতিমখানা ইত্যাদি দুস্থ অঞ্চলের মানুষদের মাঝে এ সেবা কার্যক্রম পরিচালনা হচ্ছে।