Tag Archives: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পরেই বাড়ির ছাদে মিলল শিশুর লাশ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পর্শে সুইটি আক্তার (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজের একদিন পর বাড়ির ছাদেই ওই শিক্ষার্থীর লাশ পাওয়া যায়।

সুইটি উপজেলার গুনিয়াউক দক্ষিণ গ্রামের মৃত মো. আসমত আলীর মেয়ে। সে গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে সুইটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে সুইটির ভাই ঘরের পাশে একটি আমগাছে আম পাড়তে ওঠে। এ সময় সে ছাদে সুইটির লাশ দেখতে পায়।

মৃত্যুর কারণ সম্পর্কে তার পরিবারের সদস্যরা জানান, সুইটি শুক্রবার সকালে বাড়ির ছাদে উঠেছিল আম পাড়তে। এ সময় বিদ্যুৎপৃষ্টে সে মারা যায়।

গুনিয়াউক ইউনিয়নের চেয়ারম্যান মো. জিতু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজের কাতারে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে নিহত ১

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজের কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) জুমার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে এ ঘটনা ঘটে।

নিহত সিজল মিয়া ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। আজ জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানো নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়েন। এসময় কিল-ঘুসিতে সিজল মিয়া নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে নবজাতক গায়েব, মালিক-চিকিৎসকের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে এক প্রসূতির নবজাতক গায়েব করে দেওয়ার অভিযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

প্রসূতির স্বামী নবীনগর উপজেলার আলেয়াবাদ গ্রামের ফয়হাদ আহমেদ বাদী হয়ে হাসপাতালের মালিক, চিকিৎসক, নার্সসহ ৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরী, গাইনি ও সার্জন ডা. নওরিন পারভেজ, ডা. ইসরাত আহমেদ, হাসপাতালের কো. অর্ডিনেটর মার্শাল চৌধুরী, নার্স স্নেহলতা ও অপারেশন টিম সদস্য অথৈ মন্ডল।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, নবীনগরের আলেয়াবাদের ফরহাদ আহমেদের স্ত্রী মোছা. লিজা প্রথমবারের মতো গর্ভবতী হলে উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মেহেরুন্নেছার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সে সময় আল্ট্রাসনোগ্রাফিতে তার স্ত্রীর গর্ভে ২টি সন্তান দেখা যায় বলে জানান চিকিৎসকরা। সর্বশেষ ১৮ এপ্রিল করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টেও গর্ভে দুটি সন্তান আসে। গত শুক্রবার লিজার প্রসব ব্যথা ওঠে। যমজ শিশু গর্ভে থাকায় স্থানীয় চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে এনে সিজারিয়ান করতে পরামর্শ দেন।

সেদিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে শহরের খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে ডা. নওরিন পারভেজ আল্ট্রাসনোগ্রাফি করেন। তার রিপোর্টেও দুটি সন্তান দেখা যায়। পরে একই দিন তিনি নিজেই লিজাকে অপারেশন থিয়েটারে সিজারিয়ান করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালের লোকজন এসে জানান লিজা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। আর কোনো সন্তানের কথা তারা জানাতে পারেনি। বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে গর্ভে থাকা শিশু নিখোঁজের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল একই উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুলের বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশা চালক। তার চার ছেলে আছে। জীবিকার তাগিদে এরমধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করেন। ১৭ রমজান ছুটিতে বাড়িতে আসে জাহিদুল। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে জাহিদুলের মরদেহ পাওয়া যায়৷

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, জাহিদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে বুক ও পেটের ভূরি বের হয়ে গেছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের লতি কেটে ফেলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অতিরিক্ত দামে টিকিট বিক্রি, ৪ জনকে কারাদণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাউন্টার সেলসম্যান এবং আরএনবি সদস্যসহ টিকেট কালোবাজারিকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চালানো ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারির বিষয়টি দেশজুড়ে আলোচিত। এরই প্রেক্ষিতে শনিবার ইউএনও মহোদয়ের নেতৃত্বে পরিচয় গোপন রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ছদ্মবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কাটতে গেলে টিকেট কাউন্টার সেলসম্যান তাদের কাছে ট্রেনের ৬০ টাকার টিকেটের দাম ১০০ টাকা চায়। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম চাওয়ায় কালোবাজারীর অপরাধে সেলসম্যানকে আটক করা হয়। টিকিট সেলসম্যান কাজীপাড়ার জালাল বেদার ছেলে সালাউদ্দিন। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই সময় রেলওয়ে নিরাপত্তারক্ষী (আরএনবি) বিপ্লব চন্দ্র দাস নিজে বসে ট্রেনের টিকেট বিক্রয় করছিলেন। তার কাছেও তারা যান টিকেট ক্রয় করতে। দাম দর করার পর টিকেট দেয়ার সময় আঁচ করতে পারেন ম্যাজিস্ট্রেটের হানা। দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আনসার সদস্যরা আটক করেন। আরএনবি সদস্য বিপ্লব চন্দ্র দাস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুরের অয়ন চন্দ্র দাসের ছেলে। তাকে রেলওয়ে আইন ১৮৯০ এর ১০১ ধারা লঙ্ঘনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একইভাবে আয়েশা বেগম ও আরাফাত নামের আরও দুই টিকিট কালোবাজারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ: অতর্কিত গুলিতে নিরপরাধ যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। ফয়সাল কুট্টাপাড়া এলাকার মো. রাকিব মিয়ার ছেলে। পরিবারের দাবি, পুলিশের গুলিতে ফয়সাল নিহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলের সঙ্গে রিক্সার ধাক্কা লাগা নিয়ে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের ইকবাল চৌকিদারের ছেলে আকাশের সঙ্গে একই ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের সুমনের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আকাশের লোকজন শুক্রবার দুপুরে সুমনের ওপর হামলা করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কালিকচ্ছ বাজারে ইকবাল চৌকিদারের গোষ্ঠী ও সূর্যকান্দি গ্রামের দুলালের গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

নিহতের পরিবারের দাবি, ফয়সাল পড়াশোনার ফাঁকে তার মামা ওসমান হারুনীর রড-সিমেন্টের দোকানে কাজ করত। সংঘর্ষের সময় আতংকিত হয়ে দোকান বন্ধ করার সময় পুলিশ অতর্কিতভাবে নিরপরাধ ফয়সালকে গুলি করে। এতে সে নিহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, ধারণা করা হচ্ছে সংঘর্ষের সময় ককটেলের স্প্রিন্টারের আঘাতে ফয়সালের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪-৫ জনকে আটকসহ ১০টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়ায় জমির জের ধরে বড় ভাইকে পিটিয়ে হ’ত্যা করলো ছোট ভাই

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। এর আগে সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৫০)। তিনি উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, আব্দুর রহমানের বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে একাধিক মামলাসহ ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। সোমবার দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসার পথে খলিলুর রহমান ও তার ছেলে তানভীর ও বাবুসহ ৫ থেকে ৬ জনের একটি দল লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত খলিলুর রহমান পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় ২ জনের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক আল আমিন (১৪) উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ও যাত্রী আপন চন্দ্র দাস (১৪) ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে।

জানা গেছে, দুপুরে একটি ইটবোঝাই ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যান। আপন চন্দ্র দাসকে আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২ জন নিহত হয়েছেন। তবে এখনো মামলা হয়নি।

কুমিল্লার মেঘনা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৫ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২ এপ্রিল) সকালে উপজেলার লুটেরচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লাপাথর গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২৭), একই থানার কৃষ্ণপুর গ্রামের মৃত বিজন চন্দ্রঘোষের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (বর্তমান নাম:- রাজীব চন্দ্র ঘোষ), কুমিল্লার নবগ্রাম গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ সোহেল (২৭), জয়পুরহাট সদর থানার শাপলা নগর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে মোঃ জনি হোসাইন (৩০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে মেঘনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরীর আত্মহ’ত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে খাদিজা আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রী আত্মহ’ত্যা করেছেন।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ ঘটনা ঘটে।

নি’হত খাদিজা আক্তার উপজেলার ধরখার গ্রামের শামীম মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাদিজা তার বাবাকে একটি মোবাইল কিনে দিতে বলে। কিন্তু হাতে টাকা না থাকায় এক মাস পরে কিনে দেওয়ার কথা জানান বাবা। পরে সন্ধ্যায় পরিবারের অগোচরে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহ আলম বলেন, পুলিশ লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃ’ত্যু মামলা হয়েছে।