Tag Archives: comilla news

মাইলস্টোন ট্রাজেডির ক্ষত নিয়ে বাসায় ফিরেছে চৌদ্দগ্রামের দুই জমজ বোন

স্টাফ রিপোর্টার:

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছিলেন যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরছে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের এয়াছিন মজুমদারের দশ বছর বয়সী জমজ দুই মেয়ে।

বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল।

দুই যমজ শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।

মধ্যরাতে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের সদর দক্ষিণ-লালমাই উপজেলার সীমান্তবর্তী বাংলাদেশ বেতার এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার মধ্যরাত ৩টায় ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে তারা এই মিছিল করে। মিছিলে সদর দক্ষিণ ও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ও লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি মিছিলে সরাসরি না থাকলেও তারা নিরাপদ স্থানে থেকে দিকনির্দেশনা দিয়ে মিছিলটি করিয়েছেন বলে জানা গেছে।

ওই সময়ে সড়কে চলাচলকারী কয়েকজন অটোরিকশা চালক জানায়, মধ্যরাতে হঠাৎ জামান ফিলিং স্টেশন ও আরএফএল ফ্যাক্টরির গলি থেকে কিছু লোক মুখোশ পরে বের হয়ে ব্যানার ও মশাল হাতে নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার কন্যা নাফিসা কামালের ছবি রয়েছে। তবে মিছিলের পক্ষের কিছু লোক লালমাই বাজার মোড়ে ও কিছু লোক লোটাস কামালের বাড়ির সামনে বেকাপ দিতে অপেক্ষমাণ ছিল।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মিছিলটি লালমাই থানা এলাকায় হয়নি। বাংলাদেশ বেতার এলাকাটি সদর দক্ষিণ এলাকায় পড়েছে। তারপরও আমরা মিছিলে অংশগ্রহণকারীদের ভিডিও দেখে শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি।

মেঘনায় আওয়ামী নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি–গণ অধিকার–ইসলামী আন্দোলন, নির্দেশনা পায়নি জামায়াত

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে জামায়াতে ইসলামী বলছে, তাদের হাইকমান্ডের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

আজ বুধবার (১২ নভেম্বর) মুঠোফোনে যোগাযোগ করলে উপজেলার এসব রাজনৈতিক দলের নেতারা দৈনিক আজকের কুমিল্লাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকবেন।

দলের স্থানীয় নেতা বলেন, “আমরা মাঠে থাকবো যাতে কোনোভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান বলেন গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ নিয়ে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকাতে আমরা মাঠে থাকবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ আখতার হোসেন বলেন,আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন, যেন আওয়ামী সন্ত্রাসীরা কোনো নাশকতা করতে না পারে।

অন্যদিকে জামায়াতে ইসলামী মেঘনা শাখার আমীর মো. লোকমান হোসেন বলেন,আমাদের হাইকমান্ড থেকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে আমরা সাংগঠনিক কার্যক্রম নিয়মমাফিক চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অনলাইনে আগামী ১৩ নভেম্বর “ঢাকা লকডাউন” কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওসহ নাশকতা চালাচ্ছে এবং ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিছ আক্তারকে স্বপদে বহালের দাবী

স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট নাগরিকের বিবৃতি
—————
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা কালেক্টরেট স্কুল, বর্তমানে স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠাকাল থেকেই ভালো পড়াশুনা এবং ভালো ফলাফল করে আসছিল। ৫ই আগস্ট ২০২৪ এর পর স্কুলটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই পরিস্থিতির কারণে অধ্যক্ষ নার্গিছ আক্তারকে তাঁর দায়িত্ব পালন করতে দিচ্ছে না। আমরা মনে করি এটা অন্যায় ।

অধ্যক্ষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আইন-আদালতের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অধিকার করো আছে বলে আমরা মনে করি না । আর যেহেতু এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে, তাই জেলা প্রশাসকের কাছে অধ্যক্ষকে পূর্ণ নিরাপত্তাসহ কর্মস্থলে যোগদান করানোর দাবী জানাচ্ছি।

ইতোমধ্যে অনেক দিন হয়ে গেছে, অধ্যক্ষবিহীন বা অধ্যক্ষের অনুপস্থিতে পড়াশুনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তাই অবিলম্বে অধ্যক্ষ মহোদয়কে সম্পূর্ণ নিরাপত্তাসহ যোগদান করানোর জন্য জেলাপ্রশাসকে আহ্বান জানাই ।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- জহিরুল হক দুলাল- সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শফিকুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ, হাজী মো. ফরিদ উদ্দীন– মুক্তিযোদ্ধা, আবদুর রাজ্জাক – রাজনীতিক, আবুল কাশেম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শেখ আবদুল মান্নান রাজনীতিক, আহসানুল কবীর– লেখক ও গবেষক, সফিকুল বোরহান– কবি ও কথাশিল্পী, হালিম আবদুল্লাহ– কবি ও প্রকাশক, শিহাব উদ্দিন– কবি ও গীতিকার, মো. শাহ আলম– চিত্রশিল্পী, নন্দন ভৌমিক– নাট্যকর্মী, গাজী মোহাম্মদ ইউনুস– কবি ও কথাশিল্পী, জসীম উদ্দিন আহমেদ– সংস্কৃতি কর্মী, নির্মল সূত্রধর– সংগীত শিল্পী, স্বর্ণকমল নন্দী পলাশ– আইনজীবী।

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে রাতের আঁধারে গুলি করে হত্যা

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। গুলি করে হত্যার সংসদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব,অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেল মুকুর চাকমা ঘটনাস্থলে আসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজি বাড়ির হোসেন মিজির বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।

প্রত্যক্ষদর্শী রাড়ি বাড়ি জামে মসজিদের ইমাম মো. কাউসার বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়ক দিক থেকে দ্রুতগতিতে একজন লোক দৌড়ে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরে লোকটি রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যায়। তার পেছন পেছন একটি জিক্সার মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এসময় ব্রিজের পাশে মাছ ধরছিল সোহেল নামে এক যুবক। সন্ত্রাসীরা পালানোর সময় সোহেল তাদের বাধা দেয় এবং একজনকে টেঁটা দিয়ে আঘাত করে। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল আমিন। ঘটনাটি মাত্র আধা মিনিটের মধ্যেই ঘটে যায়।

গুলির শব্দে মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে এসে ভিড় করে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। আমাদের এলাকায় এই প্রথম প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটল। উল্লেখ্য: গুলিবিদ্ধ যুবকের বুকে গুলির চিহ্ন রয়েছে।

মুরাদনগরে মানবপাচার ও পতিতাবৃত্তির অভিযোগে ৬ জন আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানব পাচারের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চাপিতলা গ্রামের শাহ পরান (২১), মুরাদনগর সদরের নাঈম আহমেদ (১৮), রানীমুহুরী গ্রামের রাকিব (১৮), চাপিতলা গ্রামের রুমা আক্তার (১৯), রাণীমুহুরী গ্রামের সাদিয়া (১৯), ও নবীপুর পশ্চিম পাড়ার নুরুন্নাহার (২০)। তবে এই ব্যবসার মূল হোতা লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযান শুরুর আগেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর এলাকার খাদিজা আক্তার বাদী হয়ে ৮ জনের নামে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী খাদিজা আক্তার জানান, রামচন্দ্রপুর বাজার থেকে তার মেয়ে সুমনা আক্তারের সাথে শাহপরান নামে একটি ছেলের পরিচয় ঘটে। সেই পরিচয় থেকে শাহপরান তার মেয়ে সুমনাকে নিমাইকান্দি এলাকার ওই বাসায় নিয়ে যায় । ওখানে পূর্বে থেকে অবস্থানন করা বাকী আসামীরা সুমনার সাথে থাকা স্বর্নের চেইন, কানের দোল আংটি ও পায়ের নুপুর ছিনিয়ে নেয়। এছাড়াও তাঁকে যৌন নিপীড়নের জন্য প্রচুর নির্যাতন করেন। এসময় তিনি উল্লেখিত আসমীদ্বয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু আইনের দুর্বলতার কারণে অল্প সময়ের মধ্যেই তারা জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, মানবপাচার ও পতিতাবৃত্তি ব্যবসার অভিযোগে ৮ জনের নামে মামলা রুজু করা হয়েছে। এদের মধ্যে ৬ জন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল হোতা বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দাউদকান্দিতে আলোচিত

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মো. মহিউদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার ডান হাত কেটে নেয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত বাবু(২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে গৌরীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেল বড়ুয়া জানান, নিহতের মা ১০ জন নামধারী এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে মামলায় এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বিছিন্ন কনুই নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, উপজেলার গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল।

পুলিশ জানায়, নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি, ডাকাতি ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা।

নিহত মহিউদ্দিন উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে রবিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

দাউদকান্দিতে যুবককে

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে মহিউদ্দিন(৩০) নামে এক যুবককে কুপিয়ে হাতের কনুই বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন ওই গ্রামের রফিক মিয়ার ছেলে।

শনিবার সকালে ওলানপাড়া আলম চেয়ারম্যানের বাড়ীর সামনে মসজিদ সংলগ্ন সড়কে দুবৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালায়। দুবৃত্তরা মহিউদ্দিনকে কুপিয়ে আহত করে এবং ডান হাতের কনুইর নিচ থেকে কেটে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন আহত অবস্থায় মহিউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল নাইমা বলেন, ডান হাত এবং বাম হাতে একাধিক জখম, ডান হাতের কনুইর নিচের অংশ ছাড়াই হাসাপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে।

নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি, ডাকাতি ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারনা, মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এহত্যাকান্ডের ঘটনা।

এদিকে মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেটে যাওয়া এক যুবকের ১১সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ নিয়ে ঘুড়াতে ঘুড়াতে হেটে যাচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল। আর এলাকায় মহিউদ্দিন স্থানীয়ভাবে পুলিশের সোর্স হিসেবে পরিচিত ।

নিহত মহিউদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার তার এক বছরের শিশু কন্যা জান্নাতকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় বার বার মূর্ছা যান। আর বলতে থাকেন আমি এখন কি করব। আমার মেয়ে কাকে বাবা বলে ডাকবে। আমার মেয়েকে যারা এতিম করেছে আল্লাহ যেন তাদের বিচার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা ওসি তদন্ত মোঃ শহিদুল্লাহ এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুমেল বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, প্রাথমিক ধারনা মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এহত্যার ঘটনা।

নিহত মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর মহিউদ্দিনের নামে মাদক, মারামারি ও ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে।

কুমিল্লায় মাদক ব্যবসায়

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চাঁন্দপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মোঃ কাউসার (২২) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চাঁন্দপুর ভাবনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্র জানা যায়, অভিযুক্ত মোঃ রশিদ মিয়া, এরশাদ মিয়া, মোঃ সাহিদ মিয়া প্রঃ বুলেট, নাহিদ প্রঃ গালপোড়া নাহিদ, মনা মিয়া, রিয়াজ, মোঃ শাওন মিয়া, এনাম মিয়া, মোঃ সজিব, রাব্বি এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে কাউসার এবং তার সঙ্গীদের ওপর হামলা চালায়।

হামলার সময় মোঃ রশিদ মিয়া কাউসারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর এরশাদ মিয়া কাউসারকে আঘাত করতে গেলে, তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তবুও ডান হাতের কবজিতে মারাত্মক জখম হয় এবং হাড়সহ রগ কেটে যায়।

পরে অভিযুক্তরা সেলিনা বেগমের বাড়িতে হামলা চালিয়ে বৈদ্যুতিক মিটারসহ প্রায় ১,২০,০০০ টাকার ক্ষতি করে। বাধা দিলে বাড়ির সদস্যদেরও মারধর করে এবং হুমকি দেয়।

এ ঘটনার পর আহত কাউসারকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

সেলিনা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। মামলায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

প্রতিদিন ১০ হাজার রুপি চুক্তিতে

প্রতিদিন ১০ হাজার রুপি চুক্তিতে কলকাতায় আত্মগোপনে সাবেক এমপি বাহার ও তার মেয়ে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে আছেন বলে জানা গেছে। তারা বর্তমানে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে অবস্থান করছেন।

ভারতীয় গণমাধ্যম ‘ওপি ইন্ডিয়া‘র একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দশ দিন আগে সীমান্ত অতিক্রম করে তারা কলকাতায় পৌঁছেছেন এবং সেখানে অবস্থান করছেন। তাদের এই অবস্থানের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার রুপি খরচ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর, আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। সেই ধারাবাহিকতায় বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে সূচনাও বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২৯ আগস্ট রাতে তাহসিন বাহার সূচনা কুমিল্লার বুড়িচং উপজেলার চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর, ত্রিপুরা রাজ্যের বক্সনগরে দুই দিন অবস্থান করে ৩১ আগস্ট কলকাতায় যান। ভারতে প্রবেশে তাদের সহায়তা করেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।

‘ওপি ইন্ডিয়া’ আরও জানিয়েছে, ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন তারা। উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই বাহাউদ্দিন বাহারের কুমিল্লার মনোহরপুরের বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।