Tag Archives: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের নানকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-চৌদ্দগ্রামের ধোপাখিলার আবদুল মোতালেব, খাগড়াছড়ির কলাবাগানের কবির, সুদীপ, নুসরাত, ফাতেমা ও নিপা। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী শান্তি পরিবহনের বাস মহাসড়কের নানকরা নামক স্থানে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস শান্তি পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে শান্তি পরিবহনের সামনে ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মনজুরুল হক আখন্দ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় আব্দুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নাওতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা।

নাওতলা গ্রামের কেএম জামাল জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরীফে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লায় চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লায় চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ বাজার এলাকার হাইওয়ে পুলিশের চেক পোস্টে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চরনল গ্রামের মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী নূরুজ্জামান (৩০), বাগেরহাট জেলার সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুর রশিদের ছেলে পিকআপ চালক সাইদুল ইসলাম (২৮) ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার যশপুর গ্রামের রুহুল আমিন এর ছেলে পিকআপ হেলপার নূর ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়- চলমান করোনাকালিন দেশব্যাপী কঠোর লকডাউনে মহাসড়কে গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে ইলিয়টগঞ্জ এলাকায় চেকপোস্ট করছিল ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। দুপুর অনুমান আড়াইটার দিকে ঢাকাগামী একটি পিকআপে তল্লাসী চালায় হাইওয়ে পুলিশ। এসময় ৫টি চালের বস্তায় ১০ কেজি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।

পিকআপ চালক সাইদুল ইসলাম জানায়, নিমসার বাজার থেকে চালের ওই বস্তাগুলো গাড়িতে উঠায় নূরুজ্জামান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মিঠুন বিশ্বাস জানান- ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে মহাসড়কে আমাদের নিয়মিত চেকপোস্টে অভিযান চলছিল। এসময় ওই পিকআপে চালের বস্তা দেখে সন্দেহ হওয়ায় তল্লাসী করে চালের ওই বস্তাগুলো থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আমার সাথে ছিলেন ফাঁড়ির (টিএসআই) বজলু হকসহ অন্যান্য সদস্যরা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে আটক ২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছেন র‌্যাব-১১, সিপিসি-২।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (২৪) ও কুমিল্লা নগরীর শুভপুর গ্রামের মোঃ আবুল বাসারের ছেলে মোঃ শরিফুল (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী পরিবহন

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে যাত্রী পরিবহন করা হচ্ছে। সোমবার থেকে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণার পরও মহাসড়কের এই অংশে থেমে নেই যাত্রী পরিবহন।

সরেজমিনে মঙ্গলবার (২৯ জুন) চান্দিনা বাস স্টেশন ঘুরে দেখা যায়, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, মারুতি, সিএনজি অটোরিকশা, পিকআপ এমনকি মোটরসাইকেল দিয়েও অবাধে যাতায়াত করছে যাত্রীরা। স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে চালকরা একেবারেই উদাসীন। মাইক্রোবাস, মারুতিসহ অন্যান্য পরিবহণে একই সিটে ৪-৫ জন করে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। মহাসড়কের চান্দিনা অংশে শুধু বাস ছাড়া সকল যানবাহনই চলাচল করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার, চান্দিনা ও মাধাইয়া স্টেশন এলাকা ঘুড়ে দেখা গেছে, ‘লকডাউনে’ বাস চলাচল বন্ধ থাকায় অবৈধ যানবাহনগুলো যাত্রী পরিবহনে নেমে পড়েছে মহাসড়কে। প্রাইভেট অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার দিয়ে ২-৩ গুণ অতিরিক্ত ভাড়ায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিতে দেখা গেছে। জেলার ভিতরের যাত্রীদের বহনে সিএনজি অটোরিকশা, ফিটনেসবিহীন মারুতি-মাইক্রোবাস, পিকআপ চলাচল করছে। মহাসড়কের চান্দিনা স্টেশন এলাকায় ঢাকায় যাত্রী বহন করতে সারি সারি প্রাইভেট পরিবহন দাঁড়িয়ে রয়েছে।

মাইক্রোবাস চালক ফরিদ উদ্দিন বলেন, ‘কি করবো? প্রাইভেট ভাড়া নাই, তাই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি। যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে পুলিশ আটক করবে না? এমন প্রশ্নে তিনি জানান- ‘ব্যবস্থা কইরাই যামু’। যাত্রী আব্দুর রব বলেন, ‘ঢাকায় আমার কাজ আছে, তাই ৪’শ টাকা ভাড়া দিয়েই মাইক্রোবাসে উঠেছি। ১১ জন যাত্রী আছে, পুলিশ ধরলে আমরা এক পরিবারের সদস্য বলতে বলেছে চালক।’

বাসের বিকল্প হিসেবে অন্যান্য পরিবহনে এভাবে যাত্রী পরিবহন চলতে থাকলে করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টসহ সংক্রামণ রোধে ‘লকডাউন’ অনেকটাই অকার্যকর হয়ে পড়বে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ডা. মুজিব রাহমান বলেন, ‘মানুষকে ঘরে রাখতে সকল প্রকার গণপরিবহন বন্ধ করেছে সরকার। কিন্তু বাসের বিকল্প সকল পরিবহন চলতে থাকলে সেই ‘লকডাউন’ কোনো কাজেই আসবে না। বর্তমান ঢেউয়ের সংক্রামণ মারাত্মক আকার ধারণ করছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।’

হাইওয়ে ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘চান্দিনার কাঠেরপুল এলাকায় আমরা চেক পোস্ট করে অভিযান চালাচ্ছি। বিদেশগামী যাত্রী ও রোগী ব্যতিত সকল প্রাইভেট পরিবহন বন্ধ করে দিচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত চালক আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)। আবদুল মতিন নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ বলেন, মহাসড়কের চান্দিনার পশ্চিম বাগুর এলাকায় দাউদকান্দি থেকে ছেড়ে আশা সিডিএম পরিবহনের একটি বাস (বরিশাল-ব-১১-০০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ যাত্রী। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জনকে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র-জা:নি

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

 

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার মো. ইসরাফিল এর মৃত্যু হয়েছে । শনিবার (১৯ জুন) ভোর সাড়ে ৫টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল সাতক্ষীরা সদর উপজেলার ট্রাকচালক মশিউর রহমানের ছেলে। এ সময় মারাত্মক আহত হন পিতা মশিউর রহমানও।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের ছয়ঘড়িয়া বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল ঢাকামুখী একটি ট্রাক। ট্রাকটির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অপর একটি পণ্যবাহী ট্রাক। এসময় আঘাতকারী ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন এর হেলপার ইসরাফিল। আহত অবস্থায় ট্রাকটিতে আটকে যান চালক মশিউর রহমান।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহত ট্রাকচালককে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার কারণে আঘাতকারী ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতেই ঘটনাস্থলেই মারা যান হেলপারের। আর মারাত্মক আহত অবস্থায় আটকে থাকেন চালক। আমরা হতাহত দুইজনকেই উদ্ধার করি। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত চালককে হাসপাতালে পৌঁছে দেই।’

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) সালেহ আহম্মেদ বলেন, ট্রাকচালক পিতা নিজের ছেলেকেই হেলপার হিসেবে রেখেছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে।’

দাউদকান্দিতে ছিনতাইকারির ছুরিকাঘাতে মোটরসাইকেল চালক নিহত

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন(২৬) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৭ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর ওপর এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন শরীয়তপুর জেলার সুখিপুর গ্রামের ইয়াছিন মাহমুদের ছেলে।

পুলিশ জানায়, বিল্লাল হোসেন ও তার ভগ্নিপতি ইব্রাহিম শরীয়তপুর থেকে চাদঁপুর মতলব হয়ে মোটরসাইকেলযোগে (ঢাকামেট্রো-ল-২৯-৪৯৯৬) ঢাকা যাওয়ার পথে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর অজ্ঞাত চার ছিনতাইকারীর কবলে পড়েন । ছিনতাইকারীরা তাঁর বুকে এবং হাতে ছুরিকাঘাত করে সাথে থাকা ভগ্নিপতি ইব্রাহিমের মোবাইলসেটসহ নদগ অর্থ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের চিহ্নিতকরণ এবং আটকের অভিযান চলছে। আর বিল্লাল হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভগ্নিপতি বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

কুমিল্লা মহাসড়কে পুলিশের চেকপোস্টে যানবাহন আটক করে ঘুষ আদায়ের অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে বিভিন্ন ধরনের যাত্রীবাহী যানবাহন আটক ও ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এবং ইলিয়টগঞ্জ এলাকায় হাইওয়ে পুলিশ চেকপোস্ট স্থাপন করে ঈদে ঘরমুখো মানুষকে হয়রানি করে এসব উৎকোচ বা ঘুস আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রী এবং চালকরা।

মহামারি করোনাভাইরাসের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহন হাইয়েস, নোহা, প্রাইভেটকার এবং মিনি পিকআপযোগে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। আর এ সুযোগে এসব যানবাহনকে চেকপোস্টে আটক করে অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বেশকিছু চালক এবং যাত্রী।

এদিকে যাত্রীবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কিছু কিছু যাত্রীবাহী বাস যাত্রীদের কাছ থেকে পাঁচ-সাতগুণ বেশি ভাড়া আদায় করে মহাসড়কে চলাচল করছে। আর এসব যাত্রীবাহী বাস থেকে মোটা অংকের উৎকোচ আদায় করছে হাইওয়ে পুলিশ।

গাদাগাদি করে এসব যানবাহন যাত্রী বহন করলেও এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ না করে রফাদফার মাধ্যমে ছেড়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার কিছু কিছু যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে অমানবিক কাজও করছে বলে অভিযোগ রয়েছে। এতে নারী ও শিশুরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে।

বিশেষ করে মহাসড়কের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে নিরাপত্তা তল্লাশির নামে যাত্রীবাহী এসব যানবাহনকে সিগন্যাল দিয়ে থামিয়ে অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ চালকদের।

এদিকে নিরাপত্তা তল্লাশির নামে যানবাহন আটকের ফলে মহাসড়কে থেকে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ঈদে ঘরমুখো মানুষ যেমন ভোগান্তিতে পড়ছে তেমন পণ্যবাহী যানবাহনগুলোও বিপাকে পড়ছে।

তবে নিরাপত্তা তল্লাশি ছাড়া কোনো যানবাহন থেকে অর্থ আদায় করা হচ্ছে না বলে দাবি হাইওয়ে পুলিশের। চালকদের এসব অভিযোগ ভিত্তিহীন বলেও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঢাকা থেকে নোয়াখালীগামী টিআরএক্স হাইয়েসের যাত্রী আকরাম হোসেন জানান, প্রতিটি যাত্রীবাহী হাইয়েস নোহা প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন আটক করছে ইলিয়টগঞ্জ ফাঁড়ির পুলিশ। পরে চালককে ডেকে নিয়ে কাগজপত্র চেক করছে এবং মামলার ভয় দেখাচ্ছে। চাহিদা অনুযায়ী উৎকোচ দিলে ছেড়ে দেয়া হচ্ছে।

ঢাকা থেকে চাঁদপুরগামী হাইয়েস চালক আবু ফয়সাল বলেন, আমি রিজার্ভ যাত্রী নিয়ে এসেছি, কিন্তু তাও আমাকে এক ঘণ্টা আটক করে রেখেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। তারপর তাদের ম্যানেজ করেই ছাড় পেয়েছেন, বাকিটা আর বলতে পারব না ভাই।

এছাড়া বেশ কিছু বাসযাত্রীও হাইওয়ে পুলিশের এমন উৎকোচ আদায় দেখে হতবাক হয়েছেন। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য দীর্ঘক্ষণ ফোনে চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক জানান, নিষিদ্ধ যানবাহনে যাত্রী বহনকারীদের আটক করা হচ্ছে। পরে এভাবে যাত্রী পরিবহন অবৈধ এবং সামনের দিকে যাত্রী বহন করার শর্তে ছেড়ে দেয়া হচ্ছে।

তিনি বলেন, চেকপোস্টে দায়িত্বরত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি উৎকোচ গ্রহণের অভিযোগ পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে তা নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে।

সূত্র: যুগান্তর।

দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান তিতাস উপজেলার গোপালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, নিহত আব্দুর রহমান একটি ঔষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ পদে চাকুরী করতো। মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাওয়ার পথে শহিদ নগর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।