Tag Archives: দাউদকান্দি

কলেজ ছাত্রীকে

কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় সাকিব আহম্মেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত যুবক উপজেলার হাসনাবাদ গ্রামের রিপন মিয়ার ছেলে।

শনিবার ভোরে নরসিংদীর পলাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১১’র কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত সাকিব। এতে সাড়া না পেয়ে বিভিন্ন ধরনের হুমকিসহ অপহরণের ভয় দেখায়। পরে ২০ সেপ্টেম্বর সাকিব ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাস যোগে গাজীপুরের কোনাবাড়ী উপজেলার একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে সাকিব। পরে পরিবারের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রথম নারী ইউএনও

দাউদকান্দির প্রথম নারী ইউএনও নাঈমা ইসলাম

দাউদকান্দির প্রথম নারী ইউএনও নাঈমা ইসলাম

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় প্রথমবারের মতো নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাঈমা ইসলাম ।

বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা নাঈমা ইসলাম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি ২০১৬ সালে চট্টগ্রাম জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন।

বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় দাউদকান্দি অফিসার্স ক্লাব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত দাউদকান্দি উপজেলার দায়িত্বভার গ্রহন করে ইউএনও নাঈমা ইসলাম বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে নারী বা পুরুষ ভেদাভেদ করতে চাই না। নারী হিসেবে এখানে এসেছি এটা ব্যাতিক্রম হতে পারে, যেহেতু এখানে আগে কাউকে দেয়া হয়নি তাই। আর বর্তমান যুগে কিন্তু নারী পুরুষ ভেদাভেদ করা হয় না। নারী পুরুষ সবার জন্য কাজ করতে চাই। বাংলাদেশে পিছিয়ে পড়া অনেক নারীরা আছেন, সুযোগ পেলে তাদেরকে সহযোগিতা বা কর্মক্ষম করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

আওয়ামী লীগের পেইজে

আওয়ামী লীগের পেইজে প্রচারিত ভিডিওর প্রতিবাদে দাউদকান্দি পৌর বিএনপির সংবাদ সম্মেলন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন দাউদকান্দি পৌর বিএনপি।

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি পেইজে প্রচারিত ভিডিও ফুটেজকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, ওই ভিডিওতে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির কোন নেতা কর্মীর কোন সংযুক্ত নেই। ৫আগষ্ট দেশ স্বাধীন হয়েছে, ওইসময় কে কোথ্যেকে দুষ্কৃতকারী এসেছে এবং আওয়ামী লীগেরও কিছু লোক লুটপাটের সাথে জড়িত ছিল। যারা রাইফেল অস্ত্র লুট করেছে তাদের কারো সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। ওইদিনের হামলা বা ন্যাক্কারজনক ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত ছিল না। ওইদিন জনগণ ছিল, জনগণ কি করেছে বিএনপি নেতারা বলতে পারবে না।

তিনি বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে বড় বড় অস্ত্র নিয়ে স্যারকে( ড. খন্দকার মোশাররফ হোসেন) হুমকি দিয়েছেন, স্যারের বাসা বাড়ি ভাংচুর করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনদিন দাউদকান্দিতে এধরণের ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। বিএনপি সুশৃংখল দল, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল, সন্ত্রাসী করেছে বলেই তাদের দলনেত্রী পালিয়ে যেতে বাদ্য হয়েছেন। আর তাদের আওয়ামী লীগের ৩০০ এমপির একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। কারন কি, অবশ্যই তারা সন্ত্রাসী করেছেন। এখন দাউদকান্দির আওয়ামী লীগের কোন লোকজনকেও দেখা যাচ্ছে না। থানায় অগ্নিসংযোগ, ভাংচুর, অস্ত্র লুট সবই আওয়ামী লীগের লোকজন করেছেন। এখন বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমেরিকা ইনক এর সভাপতি ও দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, পৌর জাসাচ আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গতকাল (৮সেপ্টেম্বর) ” বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেইজ থেকে একমিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করা হয়। পেইজে লেখা ছিল,

“এক্সক্লুসিভ কুমিল্লার দাউদকান্দিতে, কারা লুট করেছে থানা ও পুলিশের অস্ত্র?

৫ আগস্ট বিএনপির নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি থানার ভিতর আগুন জ্বালিয়ে দেয়া হয় ও পুলিশের শটগান ও রাইফেল লুট করা হয়।

ভিডিও ফুটেজ দেখে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।”

 

দাউদকান্দিতে যুবককে

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে মহিউদ্দিন(৩০) নামে এক যুবককে কুপিয়ে হাতের কনুই বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন ওই গ্রামের রফিক মিয়ার ছেলে।

শনিবার সকালে ওলানপাড়া আলম চেয়ারম্যানের বাড়ীর সামনে মসজিদ সংলগ্ন সড়কে দুবৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালায়। দুবৃত্তরা মহিউদ্দিনকে কুপিয়ে আহত করে এবং ডান হাতের কনুইর নিচ থেকে কেটে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন আহত অবস্থায় মহিউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল নাইমা বলেন, ডান হাত এবং বাম হাতে একাধিক জখম, ডান হাতের কনুইর নিচের অংশ ছাড়াই হাসাপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে।

নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি, ডাকাতি ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারনা, মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এহত্যাকান্ডের ঘটনা।

এদিকে মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেটে যাওয়া এক যুবকের ১১সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ নিয়ে ঘুড়াতে ঘুড়াতে হেটে যাচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল। আর এলাকায় মহিউদ্দিন স্থানীয়ভাবে পুলিশের সোর্স হিসেবে পরিচিত ।

নিহত মহিউদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার তার এক বছরের শিশু কন্যা জান্নাতকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় বার বার মূর্ছা যান। আর বলতে থাকেন আমি এখন কি করব। আমার মেয়ে কাকে বাবা বলে ডাকবে। আমার মেয়েকে যারা এতিম করেছে আল্লাহ যেন তাদের বিচার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা ওসি তদন্ত মোঃ শহিদুল্লাহ এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুমেল বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, প্রাথমিক ধারনা মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এহত্যার ঘটনা।

নিহত মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর মহিউদ্দিনের নামে মাদক, মারামারি ও ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার সকাল১০টা হতে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের শহিদনগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে কয়েকটি এস্কেভেটর দিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে শহিদনগর ট্রমা সেন্টারের সামনে, শহিদনগর বাসস্ট্যান্ড ও শহীদ নজরুল ইসলাম সড়কের দু’পাশে চায়ের দোকান, খাদ্যের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকান, ওয়াকসব ও ওষুধের দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা মহাসড়কের পাশের সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণসহ পাকা স্থাপনা নির্মাণ করে।

কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় মহাসড়কটির অনেক বড় আকাড়ে সম্প্রসারণ করার পরিকল্পনা চলছে ।
উচ্ছেদের বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দখলদাররা আছেন। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আগে লাল চিহ্ন দেয়া হয়েছে এবং গতকাল(বুধবার) মাইকিংও করা হয়েছে। যারা অবৈধ দলখদার তারা নিজেরাই জানেন অবৈধ, এখানে নোটিশ করার কোন কিছু আছে কিনা আমার জানা নেই । আমরা আমাদের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি এটা আমাদের নিয়মিত কার্যক্রম

। আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা চিহ্নিত করতেছি। জনগন যাতে সস্তিতে চলাচল করতে পারে এবঙ সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ। আর এই উচ্ছেদ অভিযান আমাদের রুটিন ওয়ার্ক এটি চলমান থাকবে। সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কটি কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাই বৃহস্পতিবার মহাসড়কের শহিদনগর এলাকায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে বুধবার মাইকিং করে দখলদারদেরকে সরে যাওযার জন্য বলা হয়েছিল। তারা কর্ণপাত না করায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযান চলাকালে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঁ এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনুর ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ীর কেয়ারটেকার নিজাম উদ্দিন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বাহিনীর প্রধান নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর আগামসি লেন বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম।

গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন(৫৩) উপজেলার ভাগলপুর গ্রামের মৃত রওশন আলী ওরফ আব্দুস সোবহান এর ছেলে এবং বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ীর কেয়ারটেকার।

স্থানীয় সূত্রে জানা যায়, খন্দকার মোশতাকপুত্র

ইশতিয়াক আহমদ বাবুর আমমোক্তারনামাবলে নিয়োজিত কেয়ারটেকার নিজাম উদ্দিনের নেতৃত্বে ও বাবুর অর্থবিত্তে লালিত বাহিনীর অত্যাচার-নিপীড়নে এলাকার সাধারণ মানুষ জিম্মি ছিল বলে সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দশপাড়া গ্রামের মাহবুবুর রহমান বাবুল মেম্বার মাহফুজুর রহমানসহ স্থানীয়রা জানান। তারা বলেন, নিজাম গ্রেপ্তার হওয়ায় আমরা এবং এলাকার সাধারণ মানুষ খুশি। তবে নিজাম উদ্দিনের সেল্টারদাতা মোশতাকপুত্র বাবুকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তারা।

নিজাম উদ্দিনের গ্রেপ্তারের খবরে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুক্তভোগী একটি মামলার বাদি কাজী রেহা কবির বলেন, আমার পরিবার একের পর এক হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছি।

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ দেশের ক্ষমতায় থাকা সত্ত্বেও খুনি মোশতাকপুত্র পলাতক ইশতিয়াক আহমদ বাবু ও তার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেমে নেই। অর্থবিত্তে বলীয়ান বাবুর অর্থের বিনিময়ে স্থানীয় কিছু প্রভাবশালী ও গুটিকয়েক অসৎ ব্যক্তিকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এলাকায় তার বাহিনীর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি আরো জানান, মোশতাকপুত্র খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু তাদের পূর্বপুরুষের সম্পত্তি দখলে রাখতে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেন। এরই মধ্যে মোশতাকপুত্র বেশ কিছু সম্পত্তি জাল দলিল ও ভুয়া স্বাক্ষরে বিক্রয় করে দেন। এনিয়ে আদালতে প্রতারনা মামলায় ইশতিয়াক আহমেদ বাবু, তার ছেলে ইফতেখার আহমেদ শাদ ও কেয়ারটেকার নিজামুদ্দিনকে আসামি করা হয়। বর্তমানে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও খন্দকার ইফতেখার আহমেদ শাদ কানাডায় পলাতক রয়েছেন।

কাজী রেহা কবির বলেন, আমার চাচা মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক কাজী আব্দুল বারি বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদকারীদের একজন। খন্দকার মোশতাক আমার নানার পরিবারের সদস্য হলেও আদর্শগত কারণে তাদের সঙ্গে আমাদের কোন পারিবারিক সম্পর্ক ছিলনা । আমার মামা নাসিরুল কবিরের করা মামলায় নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে মঙ্গলবার রাতে আমাদের একটি টিম রাজধানী আগামসি লেনের খন্দকার মোশতাকের বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সৃজন দেবনাথ জয়(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১জানুয়ারী) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যুবক। সে নরসিংদী জেলার ঘোরাশাল পৌরসভার পলাশ বাজার এলাকার রঞ্জিত চন্দ দেবনাথের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম জানান, নিহত সৃজন দেবনাথ প্রাইভেটকারে(ঢাকা মেট্রো গ ২৭-১৫৬১) কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। মহাসড়কের দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় ভোর ৬টার দিকে প্রাইভেটকারটির একটি চাকা পাংচার হয়। সে নেমে দেখতে ছিল। ভোরে ঘন কোয়াশার কারণে হয়তো দেখতে না পেয়ে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ী প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সৃজন দেবনাথ মারা যান। নিহতের মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

কুমিল্লায় পায়ের রগ কেটে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে পায়ের রগ কেটে মো. মাসুম (২৮) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে।

উপজেলার নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মাসুম।

নিহতের মা মাসুদা বেগম জানান, গতকাল বুধবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় মাসুম। আসর নামাজের পর বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেয়। তারপর সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না এলে মাসুমের বোন তাকে ফোন করে। তখন অপর প্রান্ত থেকে এ ব্যক্তি তাকে জানায় “আপনার ভাই আগামীকাল বাড়ি আসবে”।

এরপর রাত আনুমানিক ৮টায় মাসুম পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাসপাতালে আছে বলে খবর পান তার মা। তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে নির্যাতনের দাগ এবং পায়ের রগ কাটা। চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে ঢাকা নেওয়ার সময় পথে মেঘনা এলাকায় পৌঁছলে মাসুম মারা যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, মাসুম মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তাদের ধারণা মাদকের টাকার লেনদেন সংক্রান্ত জেরে এই হত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, নিহতের পরিবার সূত্রে জানতেপারি দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা একাধিক হত্যা মামলার আসামী শুক্কুর আলীর সঙ্গে লেনদেন ছিল। এ ছাড়া আহত অবস্থায় ভিকটিমের একটি ভিডিও ফুটেজ আছে বলে জানতে পেরেছি, যেখানে ভিকটিমকে বলতে দেখা গেছে কারা তাকে মারধর করেছে। ফুটেজ ও সকল সম্ভাব্য দিক যাচাই করে এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

দাউদকান্দি-তিতাসকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে : ইঞ্জি. আবদুস সবুর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, জননেত্রী শেখ হাসিনার দক্ষ চালিকাশক্তিতে নির্বাচনী ট্রেন এখন চলমান। আমরা ওই ট্রেনের ২৪৯(কুমিল্লা-১) নম্বর বগির যাত্রী।

আমাদের গন্তব্যে পৌছতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কুমিল্লার মধ্যে আমরা একনম্বর আসনে, ৭জানুয়ারী ভোটের মাধ্যমে আমাদের একনাম্বর হতে হবে। এরজন্য প্রতিটি পাড়া মহল্লার ঘরে ঘরে শেখ হাসিনার সালাম পৌছে দিয়ে নৌকায় ভোট চাইতে হবে বলে নেতাকর্মীদের প্রতি নির্দেশ রইলো।

শুক্রবার(২২ ডিসেম্বর) বিকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ও মজিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শাহপুর শান্তির বাজার মাঠে পথসভায় একথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পর দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে শিক্ষাবান্ধব মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব তিতাস দাউদকান্দি গড়তে তরুন সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে এখানে মেডিকেল কলেজ ও পলিটেকনিক কলেজ করা হবে। আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাক লাগিয়ে দিতে পারে তার জন্য এখানে আইটি ভিলেজ করা হবে। সর্বোপরি আমরা স্মার্ট দাউদকান্দি স্মার্ট তিতাস করতে দরকার শেখ হাসিনার সরকার। তাই ৭জানুয়ারীর নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে নৌকায় দেয়ার আহবান জানান।

তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসা: পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্নআহবায়ক সারোয়ার বাবু, জেলা কৃষকলীগ নেতা বাদল রিয়াজ, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রুবেল প্রমূখ। এছাড়া তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে কাজী নিয়োগে স্বচ্ছতার দাবী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে স্বচ্ছ ও বিধি মোতাবেক নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) নিয়োগ দাবি করেছেন আবেদনকারী প্রার্থীরা। শুক্রবার সকাল ১০টায় ওই ইউনিয়নের আমিরাবাদ এলাকায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান, হাজ্বী তাজুল ইসলাম, কানু শীল, কবির হোসেন, শাহাজাহান ও মো. আশিক প্রমূখ।

তারা বলেন নিকাহ ও তালাক রেজিস্ট্রার পদটি খুব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এই পদে যোগ্য লোক নিয়োগে কোনো বিকল্প নেই। এ কারণে যথাযথ নিয়ম অনুসরণ করে আইনি প্রক্রিয়ায় ইউনিয়নে কাজী নিয়োগ দেয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে কাজী পদে আবেদনকারী প্রার্থীদের কুতুবউদ্দিন মোহাম্মদ আল আমিন লিখিত বক্তব্যে বলেন, বারপাড়া ইউনিয়নের কাজি মৃত্যুবরণ করলে ইউনিয়নের পদটি শূন্য হয়ে যায়। পরে শূন্য পদে কাজী নিয়োগে উদ্যোগ নেন দাউদকান্দি সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান ।

তিনি গত ১১ অক্টোবর নিকাহ ও তালাক রেজিস্ট্রার প্রার্থীদের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি মোতাবেক পূর্বের কাজির ছেলে মোঃ আনিছুর রহমান ও এক নারীসহ পাঁচজন প্রার্থী আবেদন করেন। ৬ নভেম্বর প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। ওই সাক্ষাতকারে আনিছুর রহমানের অসংলগ্ন কথা বার্তায় মানসিক ভারসাম্যহীন মনে করে নিয়োগ বোর্ড কতৃপক্ষ সকল প্রার্থীদের সাক্ষাতকার নেয়া শেষ করেন। ফলাফল পরে জানানো হবে বলে আমাদেরকে জানান।

অপরদিকে আনিছুর রহমান স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে ডিও লেটার নিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া কাজের চেষ্টা তদবির চালাচ্ছেন বলে আমরা শুনতেছি।

সংবাদ সম্মেলনে তারা জানান, আনিছুর রহমান স্থানীয় চেয়ারম্যান কতৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রে চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতিসহ কাজী নিয়োগে সচ্ছতা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা এবং সচ্ছতার মাধ্যমে কাজি নিয়োগের দাবি জানান তারা।

বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজারুল ইসলাম মানিক জানান, ইসমাইল নামে একজন প্রার্থী আমার পরিষদের প্যাড, স্বাক্ষর এবং সচিবের স্বাক্ষর জালিয়াতি করেছে। সাক্ষাৎকার বোর্ডে বিভিন্ন প্রশ্নে ইসমাইল অসংলগ্ন উত্তর দেয়।

নিয়োগ সংক্রান্ত কমিটির সদস্য সচিব ও দাউদকান্দি সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর ছয় জনের আবেদন পাই। সাক্ষাৎকারে পাঁচজন উপস্তিত হন। এর মধ্যে আউডি কার্ডের সাথে নামের গড়মিল, অসংলগ্ন কথাবার্তাসহ কিছু বিষয়ে গড়মিল পেয়েছি। সবমিলিয়ে আমরা যাচাই বাছাই করে তিনজনের নাম প্রস্তাব করে মন্ত্রনালয়ে পাঠিয়েছি।