Tag Archives: সাংবাদিক

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার সালাহ উদ্দিন জসিম

 

স্টাফ রিপোর্টার:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‌‘ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন কুমিল্লার সন্তান জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম।

‘বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর সনদ নিয়ে কাড়াকাড়ি’ ও ‘কারসাজি করে ভাতা তুলছেন ‘নতুন দাবিদার বীর মুক্তিযোদ্ধা’’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সালাহ উদ্দিন জসিমের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ‘প্রিন্ট মিডিয়া’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পান।

ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ, ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন ও ডিআরইউর সাধারণ মাইনুল হাসান সোহেল।

কুমিল্লার ছেলে মুহাম্মদ সালাহ উদ্দিন (সালাহ উদ্দিন জসিম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১৩ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত হলেও স্কুল ও কলেজ জীবন থেকেই লেখালেখি করতেন। স্মারকগ্রন্থ প্রকাশ ও পত্রিকার পাঠকের কলাম দিয়ে তার লেখালেখির হাতেখড়ি। নেশা থেকেই একসময় পেশা হয়ে যায় সাংবাদিকতা। অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস২৪.কমের মাধ্যমে সাংবাদিকতা শুরু করা সালাহ উদ্দিন জসিম বাংলানিউজ২৪.কম, দৈনিক যুগান্তর, পরিবর্তন ডটকম, দৈনিক খোলা কাগজ হয়ে ২০২১ সালের ১৮ জানুয়ারি জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে জাগোনিউজ২৪.কমে যোগদান করেন।

সালাহ উদ্দিন জসিম ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। একাধারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য। তিনি কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও প্রশাসন, শিক্ষা, ক্রাইম, নারী ও শিশু, স্বাস্থ্য, মানবাধিকার ও ধর্ম বিটে কাজ করেছেন। পেশাগত কাজে তিনি সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন। এর আগে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছিলেন।

বাংলাদেশের পার্থ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত

বাংলাদেশের পার্থ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার ইতিহাসে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সনজয়। ৩১ জুলাই (বৃহস্পতিবার) গোল্ডেন গ্লোবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নতুন ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জন্য প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখবেন এবং অন্যান্য ভোটারের সঙ্গে মিলিত হয়ে চূড়ান্ত মনোনয়ন ও বিজয়ী নির্ধারণে ভোট দেবেন তিনি। আগামী ১১ জানুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত হবে এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।

প্রসঙ্গত, পার্থ সনজয় দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত। তিনি দেশের পক্ষে আটবার কান চলচ্চিত্র উৎসব ও বুসান চলচ্চিত্র উৎসব কভার করেছেন। দেশ ও বিদেশে বিনোদন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংবাদ সংগ্রহের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন ‘বজলুর রহমান স্মৃতি পুরস্কার’।

এছাড়াও, এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের নতুন ভোটার হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক জনি হক, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট অফিসার আদর রহমান।

শিক্ষকরা রাজনীতিতে

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: ডা. বিধান রঞ্জন রায়

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: ডা. বিধান রঞ্জন রায়

ডেস্ক রিপোর্টঃ

শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা যদি রাজনীতিতে জড়ান, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিশুদের পড়াশোনার মান উন্নত করার পাশাপাশি অভিভাবকদের আর্থিক চাপ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষার গুণগত মান বাড়াতে সরকার কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে।

তিনি আরও বলেন, শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে শুধু বইয়ের ওপর নির্ভরশীল হলে ফলাফল ভালো হয় না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে নেপের পরিচালক ফরিদ আহমেদ, উপ-পরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ডা. বিধান রঞ্জন রায় দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায়

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায় ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার আয়োজনে বরণ্য সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতা আগামীকাল শুরু হবে৷

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবে মিট দ্যা প্রেসে এসব তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, নগরীর ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন। সে লক্ষ্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মিট দ্যা প্রেস সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান বদরুল হুদা জেনু, বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনিমা মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক, ওমর ফারুকী তাপস ও মহিউদ্দিন মোল্লা।

উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক প্রবীর বিকাশ সরকার, পূর্বাশা কচি- কাঁচার মেলার উপদেষ্টা চন্দন দেব রায়, দিলিপ পোদ্দার, হোসাইন মোহাম্মদ কামরুল, মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক বাহার রায়হান, আনোয়ার হোসেন, সেলিম মুন্সি, জাহিদুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফার ছেলে জোনাইদ মোস্তফা, পুত্রবধূ জানভী টিনা, সংগঠক মীর হোসেন, পূর্বাশা কচি কাচার আহবায়ক আনাসুল ইসলাম আলিফসহ অন্যান্যরা।

বরুড়ায় সাংবাদিক সাকিব আল হেলালের

বরুড়ায় সাংবাদিক সাকিব আল হেলালের জানাজা ও দাফন সম্পন্ন

বরুড়ায় সাংবাদিক সাকিব আল হেলালের জানাজা ও দাফন সম্পন্ন

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলাধিন খোশবাস (উত্তর) ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক সাকিব আল হেলালের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ (২৪ সেপ্টেম্বর) বুধবার দুপুর ৩ টার দিকে জানাজা শেষে নিজ গ্রামে দাফ্ন সম্পন্ন করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৩৭ বছর।

তিনি দীর্ঘদিন যাবৎ কিডনীরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ৩ টার সময় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার দাম্পত্ত জীবনে কোন সন্তাধি নেই। মৃত্যুকালে তিনি স্ত্রী,মা ও বোনসহ অনেক গুনাগ্রহী রেখে যান।

চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির কমিটি গঠন, সভাপতি: মনোয়ার, সম্পাদক: কামাল

ফখরুদ্দীন ইমন:

বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহজাদা এমরান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভি’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: কামাল হোসেন নয়ন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আনন্দ টিভি’র চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু সহ-সভাপতি, বিজয় টিভি’র প্রতিনিধি মনির উল্লাহ ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক, জনতার বার্তার মোতালেব হোসেন অর্থ সম্পাদক, আমাদের সময় ডটকম এর এম এ আলম দপ্তর সম্পাদক, ঢাকা টাইমস্ এর শাহরিয়ার ইমন জয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, কালের কণ্ঠের আবুল বাশার রানা ও বাঙলার জাগরণ এর আবদুল মান্নান নির্বাহী সদস্য।

বুধবার বিকেলে নতুন কমিটির অনুমোদিত তালিকা ও দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, সহ-সভাপতি ওমর ফারুক তাপস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও দফতর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু প্রমুখ।

চান্দিনায় নৌকার সমর্থকদের হামলায় ৩ সাংবাদিকসহ ১৭ জন আহত 

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় নৌকা সমর্থকদের পৃথক হামলায় ৩ জন সাংবাদিকসহ ১৭জন আহত হয়েছেন। এসময় একজন সাংবাদিকের একটি মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয় নৌকার সমর্থকরা। গল্লাই ইউনিয়নের হোসেনপুর ও কালিয়ারচরে এসব সংঘর্ষ হয়। আহত সাংবাদিকরা হলেন দৈনিক মুক্ত খবরের চান্দিনা প্রতিনিধি মো. সোহেল রানা, দৈনিক যুগান্তরের মো. আব্দুল বাতেন ও নয়াদিগন্তের মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ও বিকেলে এসব ঘটনা ঘটে।

এর আগে সকালে চান্দিনা উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর ঘুরে মাধাইয়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গল্লাই ইউনিয়নের হোসেনপুরে আসলে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর গণসংযোগের মুখোমুখি হয়। এসময় প্রাণ গোপালের মিছিল থেকে টিটুর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেন উপজেলার কেরণখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সরকার।

যুগান্তরের চান্দিনা প্রতিনিধি আবদুল বাতেন জানান, আমরা নিউজ কাভার করার জন্য নৌকার প্রার্থী প্রাণ গোপালের গাড়িবহরের পাশে থাকি। হোসেনপুর বাজারে নৌকার মিছিল চলাকালে ঈগল সমর্থকদের গণসংযোগ করতে দেখা যায়। এ সময় ঈগল সমর্থকদের ওপর হামলার পর সংঘর্ষ বাধে। আমরা সে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সরকারের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। বেদম মারধরের শিকার হন মুক্তখবরের সোহেল রানা।
এদিকে দুপুর আড়াইটার দিকে উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায় ঈগল প্রতীকের প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১৪ কর্মীকে আহত করেন নৌকার সমর্থকরা। উভয় হামলার ঘটনায় নৌকার প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত উপস্থিত ছিলেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, আমরা কোনো সংঘর্ষের খবর পাইনি। দুই প্রার্থীর সমর্থক ও সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির খবর জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকরাই আমাদের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবেন : ইসি রাশেদা

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, অর্থ সংস্থান না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন।

শনিবার নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে ইসি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। আশা করি, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কারও অবহেলা থাকলে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া কারও কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ।

দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সাংবাদিককে মারধর করলো ইউপি চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সম্প্রতি সংখ্যালঘুর ওপর হামলা মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলমের বিরুদ্ধে সাংবাদিক শফিউল আলম রাজীবের ওপর হামলা মারধর ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে।

সাংবাদিক শফিউল আলম রাজীব দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সরকারি বাসভবনে (গোমতী) সংবাদ সংগ্রহে গেলে ৮নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলমের সমর্থক বিল্লাল গাজী, আফসান রুবেলসহ ৩-৪ জন প্রথমে গালমন্দ ও পরে হামলা করে। ওই সময় সাংবাদিক রাজীব আশ্রয় ও ঘটনাটি জানাতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে ঢুকে বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানাতে গেলে ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম পুনরায় সাংবাদিক রাজীবকে মারধর এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন।

হামলায় আহত সাংবাদিক শফিউল আলম রাজীব জানান, ঘটনার পর তাৎক্ষণিক বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও নিগার সুলতানাকে অবহিত করা হয়।

দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইউপি চেয়ারম্যান জাহিদসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

হামলার বিষয়ে জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বলেন, সাংবাদিকের ওপর কোনো প্রকার হামলা বা মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে সাংবাদিক রাজীবের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, যা আমার করা ঠিক হয়নি।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি মীমাংসার জন্য সুলতানপুর ও গুনাইঘর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিবারের ১২ সদস্যকে সমাহিত করার পরদিনই কাজে ফিরলেন সাংবাদিক

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলের নির্বিচার বিমান হামলায় নিহত পরিবারের ১২ সদস্যকে সমাহিত করার একদিন পরেই কাজে ফিরেছেন গাজায় আলজাজিরার ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদু।

বৃহস্পতিবার হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বুধবার ইসরাইল দক্ষিণ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায়। এ হামলায় নিহত হন ওয়ায়েলের স্ত্রী আমনা (৪৪), ছেলে মাহমুদ (১৬), মেয়ে শাম (৭) ও অপ্রাপ্তবয়স্ক নাতি অ্যাডাম। পরিবারের আরও আটজন সদস্যও এই হামলায় প্রাণ হারান, যাদের মধ্যে আছেন তার চাচাতো ভাইয়ের মেয়ে হাদির ও তার চার সন্তান। তারা সবাই ইসরাইলি সেনাবাহিনীর নির্দেশ মেনে উত্তর গাজা ছেড়ে দক্ষিণে এসে আশ্রয় নিয়েছিলেন।

আলজাজিরার ডিজিটাল চ্যানেল এজে প্লাসে পোস্ট করা এক ভিডিওতে ওয়ায়েল আল-দাহদু জানায়, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গেলেও দ্রুত কাজে ফেরা তার ‘দায়িত্ব’ ছিল।

গাজার ব্যুরো প্রধান ওয়ায়েল আরও বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, এখনো সবখানে হামলা চলছে।

ভিডিওতে দেখা যায়, কাছাকাছি একটি জায়গা থেকে ধোঁয়া উঠছে। সেদিকে আঙ্গুল দেখিয়ে ওয়ায়েল বলেন, এটা হচ্ছে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণের পরবর্তী দৃশ্য এবং হামলা থামছে না।

ওয়ালের বড় মেয়ে বিসান (২৭) সে সময় শিবিরে না থাকায় প্রাণে বেঁচে যান। তার আরও চার ভাই-বোন সোনদোস, খোলুদ, বাতুল ও ইয়াহিয়া আহত অবস্থায় আল-আকসা মারটায়ার্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই সাংবাদিকের শাশুড়ি হানান (৮১) হামলায় বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন। ওয়ায়েলের শ্যালক আলি বৃহস্পতিবার আলজাজিরাকে এই তথ্য জানান।

ওয়ায়েলের পরিবার উত্তর গাজার তাল আল-হাওয়া মহল্লায় বসবাস করতেন। সম্প্রতি তারা নুসিরাত শিবিরে আসেন।

বেশ কয়েক বছর ধরে সাংবাদিক ওয়ায়েল গাজা ও অন্যান্য অধিকৃত অঞ্চলে সাংবাদিকতা করছেন। যে হামলায় তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন, তিনি সেটারই লাইভ কভারেজ দিচ্ছিলেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাব।

গাজায় ওয়ায়েলের সহকর্মী ও অন্যান্য সাংবাদিকদের তোলা ছবি ও ভিডিওতে দেখা যায়, তিনি হাসপাতালে এসে সন্তানদের কাপড়ে মোড়ানো রক্তাক্ত লাশ জড়িয়ে ধরে বসে আছেন। এছাড়া তাকে দুই নারীর সহায়তায় নাতির লাশ বহন করে এগিয়ে যেতেও দেখা যায়।

এজে প্লাস নেটওয়ার্কের ভিডিওতে ওয়ায়েল জানান, তিনি অনেকের কাছ থেকে শোকবার্তা ও সান্ত্বনার বাণী পেয়েছেন, যার জন্য তিনি কৃতজ্ঞ।

পরিবারের সব সদস্যকে হারানোর পরেও ওয়ায়েল গাজার মানবিক সংকটের সংবাদ পরিবেশনের কাজ দেওয়া চালিয়ে যেতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে অবর্ণনীয় বেদনা ও যাতনার মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও যত দ্রুত সম্ভব ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাটা আমার দায়িত্ব।

বার্তা সংস্থা এপি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ ধরে চলমান ইসরাইলের নির্বিচার হামলায় সাত হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই হাজার ৯১৩ জন শিশু। এই সংঘাতে মারা গেছেন এক হাজার ৪০০ ইসরাইলি।

ফিলিস্তিনি নিহতের সংখ্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সন্দেহ প্রকাশ করলেও হাফিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন সরকার অভ্যন্তরীণ যোগাযোগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়ার সংখ্যাটিই ব্যবহার করছে।