,

আলোচনা শুরুর আগে সাংবাদিকদের সভাকক্ষ ছেড়ে যেতে বললেন হুইপ নিজান

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2026
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভার মূল আলোচনা শুরুর আগে সাংবাদিকদের সভাকক্ষ থেকে চলে যেতে বলেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান।

তিনি সাংবাদিকদের ছবি তোলা শেষ করে পাশের কক্ষে গিয়ে অপেক্ষা করার পাশাপাশি চা খাওয়ার পরামর্শ দেন। সভায় সংবেদনশীল ও ‘ভায়াস’ আলোচনা হবে উল্লেখ করে তিনি সাংবাদিকদের সভাকক্ষে না থাকার নির্দেশ দেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় নির্ধারিত সময়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভা শুরুর দিকে জেলা প্রশাসক রোজি আক্তার ও জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

পরিচিতি পর্ব শেষে মূল আলোচনা শুরুর সময় সভার সভাপতি হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘এই আলোচনা সভায় যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তারা এখান থেকে চলে যান।’

হুইপের এমন বক্তব্যের পর সাংবাদিকদের সভাকক্ষের বাইরে চলে যেতে বলা হয়। ফলে আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠানের মূল আলোচনা সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই হওয়ার কথা জানান আয়োজকরা।

সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের এমপি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।