,

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আটক ৩৫৩

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় কিশোর গ্যাং বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার (১১ অক্টোবর) জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ নিয়ে জেলাজুড়ে চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জনে।

সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানার কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।

আটক কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সের কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটক ২ হাজার ৬৪৯ জনের মধ্যে আট শতাধিক ব্যক্তিকে বিভিন্ন অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।