কুমিল্লা-১১ সংসদীয় আসনের সীমানা পূর্বাবস্থায় বহালের দাবী
কুমিল্লা-১১ আসনের সীমানা পূর্বাবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা রাখার দাবী জানিয়েছেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবি লিগ্যাল সলিউশন চেম্বারের হেড আল মামুন রাসেল।
শনিবার (৯ই আগষ্ট) প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক আবেদনের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলার ভোটারদের পক্ষে তিনি এ দাবী জানান। চৌদ্দগ্রামের পনের জন ভোটারের পক্ষে আবদেন করেন চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামের মোঃ মিজানুর রহমান।
লিখিত আবেদনে মোঃ মিজানুর রহমানের পক্ষে আইনজীবি আল মামুন রাসেল উল্লেখ করেন, গত ৩০শে জুলাই নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেট অনুযায়ী সংসদীয় আসন নং- ২৫৮, কুমিল্লা-১১ আসনে পূর্বের চৌদ্দগ্রাম উপজেলার সহিত সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করিয়া নির্ধারণ করা হয়। খসড়া গেজেটি প্রকাশ হওয়ার পর চৌদ্দগ্রামের সকল শ্রেণি পেশার মানুষের মাঝে উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের প্রস্তাবিত কুমিল্লা-১১ আসনটির বর্তমান উত্তর থেকে দক্ষিণে দুরত্ব হবে ৮০ কিলোমিটার। এমন দীর্ঘ আসন দুইটি উপজেলারই জনদুর্ভোগের অন্যতম কারণ হতে পারে।
১৯৮৪ সাল থেকে চৌদ্দগ্রাম উপজেলা একটি স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে প্রতিষ্ঠিত। এ উপজেলা থেকে নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশ সরকারেরর প্রধানমন্ত্রী, বানিজ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রেলমন্ত্রী, ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬, ২০২৪ এর নির্বাচন পর্যন্ত কুমিল্লা-১১ আসন স্বতন্ত্র চৌদ্দগ্রাম উপজেলা হিসেবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার জন্য পর্যাপ্ত জনসংখ্যা এবং ভোটার রয়েছে এ উপজেলায়। বর্তমানে চৌদ্দগ্রাম উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখেরও বেশি।
তিনি আরও উল্লেখ করেন সদর দক্ষিণ উপজেলার জনগণের সাথে চৌদ্দগ্রামের জনগণের সাংস্কৃতিক এবং সামাজিক যতেষ্ট অমিল রয়েছে। সদর দক্ষিণ এলাকাটি পূর্বে কুমিল্লা-৬ সদর সংসদীয় আসনের সাথে একত্রিত ছিল। যোগাযোগ ব্যবস্থা, সামাজিক ও সাংস্কৃতিক যতেষ্ট মিল রয়েছে আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার মধ্যে। পূর্বের ন্যায় সদর দক্ষিণ উপজেলাকে কুমিল্লা-৬ আসনের সাথে একীভুত করা যেতে পারে। পাশাপাশি জনকল্যান, আসনের জনগণের সাংস্কৃতিক, সামাজিক সুরক্ষার জন্য এবং দীর্ঘ দুরত্বের বিষয়টি বিবেচনায় এনে জাতীয় সংসদীয় আসন-২৫৮, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) বহাল রাখার অনুরোধ করছি।