,

কুমিল্লায় গোমতী নদী থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 12, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় গোমতী নদী থেকে খোরশেদ আলম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে জেলার বুড়িচং থানা পুলিশ গোমতী নদীর মালাপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত খোরশেদ আলম একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহের সুরতহাল তৈরির কাজ চলছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, একটি মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি ছিল নিহত মাদক ব্যবসায়ী খোরশেদ আলম। গত শুক্রবার রাতে একই উপজেলার মালাপাড়া গ্রামের আবুল বাশার ও সালাহ উদ্দিন তাদের ঘনিষ্ঠ বন্ধু খোরশেদ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেই থেকে সে নিখোঁজ ছিল।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করার পর নিহতের বন্ধু আবুল বাশার ও সালাহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার দুপুরে আটক করা হয়। তাদের তথ্যমতে গোমতী নদীর ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকা থেকে নিহত খোরশেদ আলমের লাশ উদ্ধার করা হয়। গোমতীর চরের একটি ঝোপ থেকে নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও জ্যাকেট উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।