,

কোটবাড়িতে হত্যা মামলার প্রধান আসামী কাউন্সিলর আলমগীরকে যুবলীগ থেকে বহিষ্কার

আজকের কুমিল্লা ডট কম :
July 25, 2020
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়কের পদ থেকে কুমিল্লা সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলমগীর হোসেনকে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃংখল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আলমগীর হোসেনকে সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিস্কার করা হলো।

উল্লেখ্য, গত ৩ জুলাই প্রকাশ্যে জনসম্মুখে ষাটোর্ধ্ব চাচাতো ভাই ব্যবসায়ী আক্তার হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনে কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে ধরতে রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে বলে পুলিশ জানালেও অভিযানের কোন খবর পাওয়া যায় নি। প্রতাপশালী এই কাউন্সিলর গ্রেপ্তার না হলেও নিহতের পরিবারকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তাহীনতার বিষয়টি নিহতের পরিবার জানিয়েছে প্রশাসন ও পুলিশকেও।

বিএনপি থেকে আওয়ামীলীগে আসা এই কাউন্সিলর ও তার ভাইদের বিরুদ্ধে এলাকায় অভিযোগের অন্ত নেই। চাঁদাবাজি, শালিসের নামে অর্থ আদায়, বিরোধপূর্ণ জমিতে ভাগ বসানো, ভূমিদস্যুতা, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আক্তার হোসেনকে এসএস রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় কাউন্সিলরসহ তার ৫ ভাইকে আসামী করা নিহতের স্ত্রী রেখা আক্তার বাদি হয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।