রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান- ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০২৫
news-image

চান্দিনা প্রতিনিধি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে।

ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে কোন ভাবেই পা দেয়া যাবেনা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নেপালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন- নেপালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দুই দিনের মধ্যেই ঘোষণা দিয়েছেন ৬ মাসের মধ্যে সে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান উপদেষ্টা চাইলেই ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি নির্বাচন না দিয়ে নানা ভাবে তার সমর্থিত রাজনৈতিক দল গঠন করে বিভিন্ন উস্কানিমূলক প্ররোচনা দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্তির কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্তরালে এবং সম্মুখে বাংলাদেশের সমস্ত জায়গায় মবোক্রেসি সৃষ্টি হয়েছে। ভদ্রলোকদের আক্রমন করছে। এই অবস্থাকে সরকার এখন পর্যন্ত নিভৃত করতে পারেনি।

দেশের অর্থনীতি ও বিদেশী বিনিয়োগকারীদের প্রসঙ্গে সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন- এদেশের ব্যবসা বাণিজ্য আজ কোন কিছুই সচল নেই। অন্তর্বর্তী সরকার বিভিন্ন ভাবে মানুষকে বুঝাতে চায় বিদেশে থেকে তারা বিনিয়োগ আনবে। বাংলাদেশে যে সকল মিল-ফ্যাক্টরী ও কল-কারখানা আছে সেগুলোতে আপনি বিদ্যুত-গ্যাস দিতে পারেন না। বিদেশি বিনিয়োগকারীদের কথা বলে মানুষকে ভাওতা না দিয়ে দেশের শিল্পপতি ও বিনিয়োগকারীদের যথাযথ সুযোগ করে দিলে দেশের অর্থনীতি স্বচ্ছল হবে।

জোয়াগ ইউনিয়ন এলডিপি সভাপতি সিরাজুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান।

এছাড়া সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব এলাহী, ধেরেরা উচ্চ বিদ্যালয় শিক্ষক সিদ্দিকুর রহমান, এলডিপি নেতা মনু মেম্বার প্রমুখ।

সম্মেলনে সিরাজুল হক মাস্টারকে সভাপতি, আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ও ফয়েজ মেম্বারকে সাংগঠনিক সম্পাদক কের ১০১ সদস্যের জোয়াগ ইউনিয়ন এলডিপির কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।