দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ীর চাপায় স্বামী- স্ত্রী নিহত
জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জিংলাতলী গ্রামের পূর্বপাড়ার মৃত খলিল মিয়ার ছেলে নজির মিয়া (৬০) ও তার স্ত্রী ঝরনা বেগম (৫২)।
স্থানীয়রা জানায়, নিতান্তই গরীব এই দম্পতির জীবিকা গ্রামবাসীর সাহায্য সহযোগিতা চলতো।আজ ফজরের নামাজ শেষে বাড়ি থেকে প্লাস্টিকের বোতল কুড়ানোর উদ্দেশে বের হন এ দম্পতি। হাঁটার একপর্যায়ে তারা মহাসড়কের হরিপুর মসজিদের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনেই ছিটকে সড়কের পাশে পড়ে যান।
স্থানীয় সোহরাব মেম্বার জানান, দুর্ঘটনার প্রায় কয়েক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা চিনতে পেরে এলাকায় খবর দিলে গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। পরে প্রশাসনের লোকজন খবর পাঠাইছে, তাই এখন(বেলা ১১টা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাইছি। পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ বাড়ীতে নিয়ে যায়। ঘাতক গাড়িটি শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।