বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশীয় মাছ প্রান্তিক পর্যায় থেকে বিদেশে রপ্তানির উদ্যোগ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৮, ২০২৫
news-image

রকিবুল ইসলাম (ম্যাক):

দেশীয় মাছ প্রান্তিক পর্যায় থেকে সরাসরি বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, চাষের মাছ সংরক্ষণের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নদী-খাল-বিল-পুকুর থেকে মাছ ধরে সরাসরি রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত করার দিকে। এতে প্রান্তিক মৎস্যজীবীরা আরও বেশি লাভবান হবেন এবং বিদেশি বাজারে দেশীয় মাছের চাহিদা বাড়বে।

রোববার (৭ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ধর্মসাগরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় আড়াইওড়া দুর্গাপুর স্বনির্ভর মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে প্রায় লাখখানেক দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় চট্টগ্রাম বিভাগীয়, কুমিল্লা জেলা ও আদর্শ সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন আরও বলেন, ‘চব্বিশের বন্যায় কুমিল্লার মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রণোদনা, মাছের পোনা ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।’

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন, বিএনপি নেতা রেজাউল কাইয়ুম, বিশিষ্ট মৎস্যচাষী শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রান্তিক পর্যায় থেকে রপ্তানির সুবিধা পেলে তাদের আয় অনেকগুণ বাড়বে। ধর্মসাগরে নিয়মিতভাবে পোনা অবমুক্ত হলে স্থানীয় প্রজাতির মাছের উৎপাদনও বাড়বে বলে তারা আশা করছেন।