পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
কুমিল্লায় পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
১৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ফৌজদারী মোড় ও বাটপাড়া চৌমুহনী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে জাবেদ মিয়া হত্যা মামলার যাবজ্জীবন যাজাপ্রাপ্ত আসামী মোঃ আল আমিন (৪১) এবং রতন দত্ত (৩৮)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন (৪১) কুমিল্লার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে এবং রতন দত্ত (৩৮) কুমিল্লার কোতয়ালী মডেল থানার কালিয়াজুরি গ্রামের হরিপদ দত্তর ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ২৭ জানুয়ারী ২০১২ গ্রেফতারকৃত আসামীদ্বয় ও তার অন্যান্য সহযোগীরা মিলে চাঁদা দাবীর বিষয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভিকটিম মোঃ জাবেদ মিয়া (২৫) কে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ১৮ জুলাই ২০২৪ তারিখে পেনাল কোড ৩০২/৩৪ ধারায় বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।