,

প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে প্রেমিকার আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
July 31, 2023
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

প্রবাসী প্রেমিক অন্যত্র বিয়ে করেছেন- এ সংবাদে হতাশ হয়ে প্রেমিকা স্বর্ণালী আক্তার (১৮) নামে এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ওই মেয়েটির নানার বাড়ি।

স্বর্ণালী আক্তার একই উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

মৃতের মামা নাজমুল হুদা বুলবুল জানান, ২ বছর পূর্বে বাবা মারা যাওয়ার পর স্বর্ণালী তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে থেকে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করত। সে এ বছরের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার জন্য সব প্রস্তুতিও নিয়েছে সে।

স্বর্ণালীর কলেজের সহপাঠী রুনা, তাসলিমা আক্তারসহ কয়েকজন বলেন, সৌদি আরব প্রবাসী আহ্সান সজীব নামে এক যুবকের সঙ্গে স্বর্ণালীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কয়েক দিন পূর্বে স্বর্ণালী মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে তার প্রেমিক আহ্সান সজীব তাকে বিয়ে করবে না। তিনি অন্যত্র বিয়ে করেছেন। এতে প্রেমিক-প্রেমিকার বিরোধ সৃষ্টি হয়। হতাশাগ্রস্ত হয়ে রোববার দুপুরে কলেজ থেকে তার নানার বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।