বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাড়ী ফিরতে তিতাস থানায় ৩৫ পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০২৪
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে হত্যার ঘটনায় দেড় বছর বাড়ি ছাড়া পরিবারগুলোর সদস্যরা গ্রামে ফিরতে থানার সামনে অবস্থান নিয়েছে। শনিবার বেলা ১১টায় তিতাস থানা চত্বরে ৩৫টি পরিবারের সদস্যদের ” আওয়ামী সন্ত্রাসী আবু মোল্লার হাত থেকে ভিটিকান্দির মানুষ মুক্তি চায় ” লেখা ব্যানার হাতে বসে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানাযায় , ২০২২ সালের ৬ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় জহির নামের এক যুবলীগ কর্মী মারা যায়। জহির ওই গ্রামের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে। এ ঘটনার পর থেকে আসামি পক্ষের লোকজনের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে পলাতক রয়েছে ওই গ্রামের ৩৫টি পরিবার। বাড়ি ঘর ভাঙচুরের পাশাপাশি এখন বসত বাড়ির গাছপালা কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

থানায় আসা মানিককান্দি গ্রামের মোকাররম হোসেন ও মনির ভুইয়া জানান, গ্রামে গেলে মারধর করে তাড়িয়ে দেয়া হচ্ছে । দিনের পর দিন দেশের বিভিন্ন স্থানে স্বজনদের বাড়িতে অবস্থান করতে হচ্ছে আমাদের । এখন নতুন সরকার এসেছে। তাই আমরা
সন্তানদের নিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করতে এবং আমাদের নিরাপত্তার জন্য তিতাস থানায় এসেছি।

সামসুননাহার বেগম নামে এক নারী বলেন, গত বছর আমার শশুড় শাশুড়ী মারা গেলেও তাদেরকে নিজ গ্রামে দাফন করতে দেয়নি। পরে পাশের হোমনা থানার আত্মীয়র বাড়িতে দাফন করতে হয়েছে। এখন আমরা সন্তান নিয়ে বাড়ী ফিরতে চাই।

এ ব্যাপারে তিতাস থানার ওসি নাজমুল হুদা বলেন, আমরা এখনো থানার পুরো কার্যক্রম চালু করতে পারিনি। ভিটিকান্দি ইউনিয়নের কিছুু লোকজন থানায় এসেছে। তারা নাকি অনেকদিন বাড়ীতে যেতে পারছেননা। এসময় সেনাবাহিনীর কর্মকর্তার সামনে তাদের সাথে কথা হয়েছে। ধৈর্য ধরতে হবে, স্বাভাবিক হলে আমরা ব্যবস্থা নিব।