,

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে আদালত এ দণ্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নূর আল-আহসান, রতন কুমার মল্লিক ও মো. নাছির উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় সাতজনকে আটক করা হয়। পরে সামারি ট্রায়ালের জন্য তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণাকিরপাড় এলাকার জালাল আহাম্মেদ (৪৫), কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া এলাকার জাহিদুল ইসলাম ওরফে মেহেদী (২৬), একই এলাকার মো. কাউছার মোল্লা (৩২), ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মো. মাসুদ (৪২), মালাপাড়া এলাকার গোলাম মোস্তফা (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. সোহেল আহম্মেদ (৩৮) ও নোয়াপাড়া এলাকার মো. ইসমাইল (৩০)।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।’