বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেনের চালক, পরিচালকসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আলীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এদিকে, বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার আসামিরা হলো, ট্রেন চালক মো. নাসির উদ্দিন, সহকারী চালক আব্দুর রাজ্জাক, ট্রেন পরিচালক (গার্ড) মো. ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ মিয়া (২৮), ইসহাক মিয়া (৩০) ও শামীম মিয়া (৪৭)।

এর আগে গত ৮ এপ্রিল আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার দাশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। অভিযানের সময় দুটি ড্রামে ২১০ লিটার তেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় ট্রেন থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনা ছিল ওপেন সিক্রেট।

পুলিশের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে কোড্ডা এলাকায় ৬০৩ নম্বর কনটেইনার অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে ইঞ্জিন থেকে তেল নামানো হচ্ছিল। সবুজ সংকেত দেওয়া থাকা সত্ত্বেও ট্রেনটি দাঁড়ানো ছিল।

এ অবস্থায় রেলওয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশকে দেখামাত্র চালক ট্রেন চালানো শুরু করেন। পুলিশের পক্ষ থেকে সংকেত দেওয়া হলেও ট্রেন থামানো হয়নি। এ সময় একটি বড় ড্রামে ২০০ লিটার ও একটি ছোট ড্রামে ১০ লিটার তেল উদ্ধার করা হয়। এ ছাড়া তেল পাচারের কাজে ব্যবহৃত একটি বড় পাতিল ও একটি বাঁশ উদ্ধার করা হয়।

তবে কনটেইনার ট্রেনের চালক মো. নাসির উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ‘লালবাতি থাকায় ট্রেন থামানো হয়। পরে সবুজ বাতি পেয়ে ট্রেন চালানো হয়। তেল চুরির বিষয়ে আমি কিছুই জানি না।’

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার সাংবাদিকদের জানায়, কনটেইনার থেকে তেল চুরির ঘটনায় মামলা করা হয়েছে। অভিযানের সময় ২১০ লিটার তেল উদ্ধার করা হয়।

সূত্র: কালের কন্ঠ