,

ব্রাহ্মণবাড়িয়ায় ইঁদুরের বিষকে চকলেট ভেবে খেয়ে প্রাণ গেল ২ শিশুর

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2023
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইঁদুরের গর্তে রাখা বিষ চকলেট মনে করে খেয়ে প্রাণ গেল দুই শিশুর।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তার সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে ওই দুই শিশু খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে থাকা ট্যাবলেট আকারের বিষ (ইঁদুর মারার জন্য রাখা) খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখেছিলেন।

ইঁদুর মারার বিষ খেয়ে শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপর শিশুটিও মারা যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related posts: