,

মুরাদনগরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি রুবেল গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
October 5, 2026
news-image

মাহবুব আলম আরিফ:

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রুবেল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মুরাদনগর সদরের উত্তরপাড়া এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রুবেল উত্তরপাড়ার শহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুবেলকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাদকের সহজলভ্যতায় যুবসমাজের একটি অংশ ক্ষতির মুখে পড়ছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।