রেলকর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে: উপদেষ্টা
রেলকর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে: উপদেষ্টা
রেলকর্মীদের কিছু দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাকি দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমার এখানে যদি আসে যৌক্তিক কিছু থাকলে, অর্থ মন্ত্রণালয় মানা করবে না। মানবিক কারণে বা মানুষের চাকরি ব্যাপারে সমস্যা হলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল, যা আমরা আগেই পূরণ করেছি। তবে তারা কেন এখনো আন্দোলন করছে, সেটা তাদের ব্যাপার। আমরা যতটুকু সম্ভব করেছি এবং যা যৌক্তিক মনে হয়েছে, তা দিয়েছি।”
তিনি আরও বলেন, “অন্য দাবিগুলো মন্ত্রণালয় দেখবে। যদি কোনো যৌক্তিক দাবি অর্থ মন্ত্রণালয়ের কাছে আসে, আমরা সেটি নিয়ে আপত্তি করব না। বিশেষ করে মানবিক বা চাকরি সংক্রান্ত কোনো ইস্যু হলে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।”
রেলের কর্মীদের জন্য পূর্বে বরাদ্দ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তারা ওভারটাইম অ্যালাউন্স চেয়েছিল, যা আমরা মিটিয়ে দিয়েছি। তবে পেনশন গ্র্যাচুইটি বাড়ানোর দাবি থাকলে, সেটি অন্য সংস্থার মতোই যাচাই করতে হবে।”
রেলের দাবির কারণে চলমান পরিস্থিতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “এ বিষয়ে রেলওয়ে মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। আমাদের কাজ সাপোর্ট দেওয়া।”
বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও জানান, আসন্ন রমজান মাসে সরবরাহ নিশ্চিত রাখতে চাল, চিনি, মসুর ডাল এবং সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, “রমজানের সময় সরবরাহ স্বাভাবিক রাখার জন্য পণ্যগুলো আমদানির ব্যবস্থা করা হচ্ছে। তবে শুধু আমদানিই যথেষ্ট নয়; এগুলো সঠিক সময়ে বাজারে পৌঁছানো ও মনিটরিং করাও গুরুত্বপূর্ণ।”
তিনি আশ্বাস দেন, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত বাজারে সরবরাহ ঠিক রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।