“লাশ দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছি”—রেলমন্ত্রীকে ফোনে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল
হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
গতকাল রোববার (২২ মার্চ) সকালে সিঙ্গাপুর থেকে ফোনে মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরবর্তীতে সেই কথোপকথনের একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে এমপি মনিরুল দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য রেলমন্ত্রীকে অনুরোধ জানান। তিনি বলেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরেই এখানে এমন দুর্ঘটনা ঘটে আসছে। কিন্তু এর কোনো কার্যকর সমাধান বা বিচার হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে রেলক্রসিং উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের দেওয়া অর্থের কথাও উল্লেখ করেন।
কথোপকথনের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে এমপি মনিরুল বলেন,“এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি… ভাই রবিউল। আমি জীবনে শান্তি পাব না। আমি কাউকে বাঁচাতে পারিনি। আপনি একটু এসে দেখে যান।”
জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম তাকে আশ্বস্ত করে বলেন, “আমি রওনা দিচ্ছি। যা করার প্রয়োজন, তা আমি করব।”
উল্লেখ্য, রোববার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার এলাকায় ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।