,

কুবির সেই শিক্ষককে ছাত্রলীগ কর্মীর হুমকি !

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগ তুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দাবির তিন দিনের মাথায় কোন রকম তদন্ত ছাড়াই এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভুঁইয়াকে এবার ফেইসবুকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
গত ১৬ আগস্ট ছাত্রলীগ কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাদ ইবনে সাইদ তার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে হুমকি দেন বলে অভিযোগ করেন ভূক্তভুগী শিক্ষক। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানান ওই শিক্ষক।
জানা যায়, সাদ ইবন সাইদ সাদ তার ব্যক্তিগত প্রোফাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে মেনশন করে ওই শিক্ষককে আলবদর উল্লেখ করে স্ট্যাটাসে লিখেন ‘ইলিয়াস হোসেন সবুজ’ ভাইয়ের হুকুম এর অপেক্ষায়, ভাই এর দয়াতে আজকের মত বেচেঁ গেল আলবদর তারেক মাস্টার। আর একটা রাত পেল দেশদ্রোহীটা শান্তিতে ঘুমাতে। কিন্তু কালকে??? কি হবে রে তোর???’ তার দেয়া এই স্ট্যাটাসটি শাখা ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীকে ট্যাগ করা হয়েছে।
এদিকে এ স্ট্যাটাস নিয়ে মাহবুবুল হক ভুঁইয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বাংলানিউজকে জানান, ‘এটা গোপনে নয়, ফেইসবুকে প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছে। আমি জীবননাশের হুমকিতে আছি। আমি রাতেই থানায় এ বিষয়ে অভিযোগ করবো।
কেন এমন স্ট্যাটাস দিয়েছেন এমনটি জানতে চাইলে ছাত্রলীগ কর্মী সাদ ইবনে সাইদ বলেন ‘ আমার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে।’
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কেউ এমন কাজ করলে তার শাস্তি হওয়া উচিত। শাখা ছাত্রলীগ এর দায়ভার নিবে না।’
শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের বলেন, ‘এটা সরাসরি হুমকি। কোনভাবেই এ হুমকি মেনে নেয়া যায় না। এর কঠোর বিচার দাবি করছি।’
উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মাহবুবুল হক ভূঁইয়া ক্লাস নিয়েছেন এমন অভিযোগ তুলে তার বহিস্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফকে স্মারকলিপি এবং বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতবার ঐ শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় প্রশাসন। সেই সাথে ৪ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।