,

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫২

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে যুক্ত ছিলেন বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী ছেলেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে বলে চিহ্নিত স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে আটক ২৫২ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।