,

কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন দিবস উপলক্ষে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ১২ রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিভিন্ন দরবার, খানকা, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন ও সর্বস্তরের নবীপ্রেমিকদের অংশগ্রহণে খণ্ড খণ্ড জুলুছ বখশীয়া দরবার শরীফের সম্মুখ থেকে শুরু হয়। পরে জুলুছটি কুমিল্লা মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে জুলুছটি দারোগা বাড়িস্থ শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.)-এর মাজার শরীফে গিয়ে পৌঁছায়। সেখানে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জশনে জুলুছের সমাপ্তি হয়। আয়োজকদের দাবি, এবারের জশনে জুলুছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জশনে জুলুছের নেতৃত্ব দেন ১২ রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আহ্বায়ক ও বখশীয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শী। এছাড়া অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুফতি শাহ মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি, খানকাহে সোবহানীয়া শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা মুহাম্মদ ইয়াসির আহমেদ সোবহানী, শাহপুর দরবার শরীফের পীর সাহেব শেখ শাহজাদা গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব, ঘিলাতলা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুফতি সাকিউল কাওসার, খানকাহে সোবহানীয়া শাহপুর দরবার শরীফের সভাপতি শেখ শাহজাদা মাহবুব ইলাহ আল কাদেরী এবং আওলাদ রেজা শাহ বোগদাদি দরবার শরীফের আলহাজ্ব মুহাম্মদ মনসুর হেলাল মাইজভান্ডারীসহ বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ এতে অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শাহজাদা শাহ মুহাম্মদ জালাল উদ্দিন বখ্শী, সহসভাপতি মুহাম্মদ নাজমুল হাসান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ মোবারক হোসাইন বখশী, সহসাধারণ সম্পাদক কাজী জাইদুল হোসাইন ইসহাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন রেজভী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মানসুর আহমদ রাজাপুরী, আমোদ ও আপ্যায়ন সম্পাদক আহমদ উদ্দিন মানিক গাফফারীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও আহলে সুন্নাত মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন দরবার শরীফের পীর, খানকার খলিফা-খাদেম, বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম, ইসলামী ছাত্রসেনা, গাউসিয়া কমিটি, বখশীয়া যুব ফোরামসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জশনে জুলুছে অংশ নেন।

আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবসকে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করতেই প্রতিবছরের মতো এবারও জশনে জুলুছ ও সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে ধর্মীয় এ আয়োজন সম্পন্ন করতে অংশগ্রহণকারী সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।