কুমিল্লায় ভাড়া বাড়াতে রাজি না হওয়ায় দুইটি এসি সার্ভিসের বাস আটকে রাখার অভিযোগ
মাহবুব আলম আরিফ:
কুমিল্লা–কোম্পানীগঞ্জ সড়কে ভাড়া বৃদ্ধিতে রাজি না হওয়ায় রয়েল ক্লাসিক এসি ও লাল সবুজ এসি সার্ভিসের বাস আটকে রাখার অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত কুমিল্লার শাসনগাছা কাউন্টারে দুইটি এসি সার্ভিসের বাসগুলো আটকে রাখায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রচণ্ড গরমের মধ্যে এসি সার্ভিস বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী। যাত্রীদের অভিযোগ, এসি বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে নন-এসি বাসে যাতায়াত করতে হয়েছে। এতে গরমের পাশাপাশি ধুলাবালির ভোগান্তিও পোহাতে হয়েছে।
যাত্রী রুজিয়া ফারহানা বলেন, “প্রচণ্ড গরমের কারণে প্রতিদিন এসি সার্ভিসে যাতায়াত করি। হঠাৎ করে আজ সার্ভিস বন্ধ থাকায় বিপাকে পড়েছি। নন-এসি বাসে গেলে গরম ও ধুলাবালির সমস্যা হয়।”
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় আড়াই বছর আগে মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কুমিল্লা যাতায়াতের জন্য রয়েল ক্লাসিক এসি সার্ভিস চালু হয়। শুরুতে ভাড়া নির্ধারণ করা হয় ৮০ টাকা। পরবর্তীতে তেলের দাম বৃদ্ধির পর ভাড়া ১০০ টাকা করা হলেও পরে যাত্রীসেবার কথা বিবেচনায় নিয়ে তা কমিয়ে ৮০ টাকা করা হয়।
এদিকে গত ২১ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর নন-এসি বাস মালিক ও শ্রমিকরা এসি সার্ভিসের ভাড়া ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার দাবি জানান বলে সংশ্লিষ্টরা জানান। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে মতবিরোধের জেরে রবিবার দুইটি এসি সার্ভিসের বাসগুলো আটকে রাখার অভিযোগ ওঠে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে।
ঘটনার পর রয়েল ক্লাসিক এসি সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘‘একটি মহল রয়েল ক্লাসিক এসি সার্ভিসের ভাড়া বৃদ্ধি করার জন্য ঝামেলা শুরু করেছে। আমরা ভাড়া বৃদ্ধি করতে চাই না। আপনাদের সহযোগিতা কামনা করছি’’।
রয়েল ক্লাসিক এসি সার্ভিসের মালিকপক্ষের দাবি, বর্তমানে তেলের দাম বৃদ্ধির পরও ৮০ টাকা ভাড়ায় যাত্রীসেবা দেওয়া সম্ভব। তারা বলেন, স্বল্প মুনাফায় যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যেই বর্তমানে ৮০ টাকা ভাড়া রাখা হয়েছে।
তবে ফারজানা পরিবহনের দায়িত্বে থাকা জনী এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। তাঁর দাবি, লাল সবুজ এসি সার্ভিসকে পরিবহন সেক্টর থেকে সরিয়ে দিতে রয়েল ক্লাসিক ভাড়া বাড়াতে রাজি হচ্ছে না। এতে নন-এসি সার্ভিসগুলো লোকসানের মুখে পড়ছে।
বাস আটকে রাখার অভিযোগ অস্বীকার করে জনী বলেন, সরকার নির্ধারিত ভাড়া হিসাব করলেও এসি সার্ভিসের ভাড়া ১০০ টাকার বেশি আসে। তাই রবিবার সকালে এসি সার্ভিসগুলোকে ১০০ টাকা ভাড়া নেওয়ার কথা বলা হয়েছিল। তাঁর দাবি, এরপর তারা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দেয় এবং রাতে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা জানায়।
শাসনগাছা বাসস্ট্যান্ডের যানজট নিরসনের দায়িত্বে থাকা কুমিল্লা মহানগর বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হাসান বলেন, রয়েল ক্লাসিক ও লাল সবুজ এসি সার্ভিসের প্রতিযোগিতার কারণে নন-এসি পরিবহনগুলো সংকটে পড়েছে। তাঁর দাবি, এসি সার্ভিসগুলো সরকারি নির্ধারিত ভাড়ার চেয়েও কম নেওয়ায় নন-এসি পরিবহনের শ্রমিকরা বিপাকে পড়েছেন।
এদিকে কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে রয়েল ক্লাসিক এসি সার্ভিসের দায়িত্বে থাকা জালাল আহমেদ বাবুল জানান, বিষয়টি সমাধানে রোববার রাতে সংশ্লিষ্ট সব মালিকপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যৌক্তিক ও যাত্রীবান্ধব সিদ্ধান্ত হলে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে। তবে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ পড়ে—এমন ভাড়া নির্ধারণ করা হবে না বলেও জানান তিনি।
ভাড়া নিয়ে মালিক-শ্রমিকদের বিরোধে বাস চলাচল বন্ধ ও আটকে রাখার অভিযোগে দিনভর দুর্ভোগে পড়েছেন কুমিল্লা–কোম্পানীগঞ্জ সড়কের নিয়মিত যাত্রীরা। এখন সংশ্লিষ্টদের বৈঠকে ভাড়া নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই তাকিয়ে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
