কুমিল্লায় মহাসড়কে মিছিল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে মিছিল, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৩৯ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটের মধ্যে সদর দক্ষিণ উপজেলার বাতাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইরিশ হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশগ্রহণ ও নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সোমবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, যুবলীগের পূর্ব জোড়কানন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক, যুবলীগ সদস্য মফিজুল ইসলাম, ছাত্রলীগের কর্মী হাবিবুর রহমান রাসেল, যুবলীগের আবু বকর সিদ্দিক সোহাগ এবং স্বেচ্ছাসেবক লীগের মো. খোকন মিয়া।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় ২৩ নভেম্বর মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৯/৫৪৭।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে