মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য নেয়ার পর চিনে ফেলায় মাসুদকে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৫, ২০১৭
news-image

৪৮ ঘন্টায় হত্যার রহস্য উন্মোচন করলো পিবিআই

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা মহানগরীর একটি ফ্ল্যাট বাসায় বেসরকারি কোম্পানীর কর্মকর্তা মাসুদুর রহমান মজুমদারকে অপহরণপূর্বক জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য ৫ টন রডের অর্ডার দেওয়ার কথা বলে কৌশলে ঘাতকরা মোবাইল ফোনে তাদের ভাড়াটে বাসায় ডেকে নিয়েছিল। ঘাতকদের পরিকল্পনা ছিল আবুল খায়ের গ্রুপ কিংবা স্বজনদের নিকট ফোন করে মুক্তিপণ আদায় করা। কিন্তু মাসুদ অপহরণকারীদের চিনে ফেলায় এবং মুক্তিপণের জন্য কোম্পানী কিংবা স্বজনদের ফোন না করায় তাকে জবাই করে হত্যা করা হয়।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ।

এ ঘটনায় গ্রেফতারকৃত কাপ্তানবাজার ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাইনুল হাসান মান্না ও তার সহযোগী জসিম উদ্দিন পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করেছে বলে শনিবার মামলার তদন্তকারি সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার নিকট ও পরে আদালতে জবানবন্দি দিয়েছে।

জানা যায়, কুমিল্লা নগরীর নতুন চৌধুরী পাড়ার সুমন ভিলা নামের বাসার ৩য় তলার একটি ফ্ল্যাটে আবুল খায়ের গ্রুপের কুমিল্লা অঞ্চলের মার্কেটিং ইন্সপেক্টর ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুবর্ণপুর গ্রামের শামছুল হক মজুমদারের ছেলে মাসুদুর রহমান মজুমদারকে গত ১৯ নভেম্বর রাতে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার আগে ঘাতকরা ৫ টন রডের অর্ডার দেয়ার কথা বলে মাসুদকে কৌশলে মোবাইল ফোনে ওই বাসায় ডেকে নেয়। এ সময় ঘাতকরা মাসুদের স্বজন কিংবা কোম্পানীর কর্মকর্তাদের নিকট ফোন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। কিন্তু মাসুদ অপহরণকারীদের মধ্যে এক সময়ের রড ব্যবসায়ী মাইনুল হাসান মান্নাকে চিনে ফেলায় এবং মুক্তিপণের জন্য কোম্পানী কিংবা স্বজনদের ফোন না করায় ক্ষিপ্ত হয়ে জবাই করে তাকে হত্যা করা হয়।

ওই হত্যাকান্ডের পর পিবিআই মামলার তদন্তে নামে এবং মোবাইল ট্রেকিং করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নগরীর কাপ্তান বাজার এলাকার জিয়া উদ্দিনের ছেলে মান্না ও কুমিল্লা সিটির ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তার সহযোগি জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা নন্দিরবাজার এলাকার তাহেরের ছেলে জসিম উদ্দিনকে গ্রেফতার করে। এছাড়াও ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২টি ছুরি, রশি ও চেতনা নাশক ইনজেকশন, খেলনা পিস্তল এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রাম থেকে নিহত মাসুদের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে পিবিআই। শনিবার সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মান্না ও জসিম হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। ওই চক্রটি এর আগেও নগরীতে একই ধরনের প্রতারণা ও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ওই হত্যাকান্ডে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানিয়েছেন।