,

কুমিল্লা প্রেস ক্লাবে ‘কুরআনের আলোকে দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 24, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেস ক্লাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কুরআন পাঠ আন্দোলনের উদ্যোগে ‘কুরআনের আলোকে দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান প্রথমত একজন মানুষ হিসেবে এবং দ্বিতীয়ত একজন সাংবাদিক হিসেবে কুরআন পাঠের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, পেশা ও পরিচয়নির্বিশেষে প্রত্যেক মানুষেরই কুরআন পাঠ করা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি কুরআনের প্রাসঙ্গিক আয়াত উপস্থাপন করে সাংবাদিকদের নিয়মিত কুরআন পাঠের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

সাংবাদিকতার পেশাগত দায়িত্বের সঙ্গে কুরআনের নির্দেশনার সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি সত্য ও মিথ্যাকে মিশ্রিত না করা, সত্য গোপন না করা, কোনো সংবাদ প্রচারের আগে তার সত্যতা ও বস্তুনিষ্ঠতা যাচাই করা এবং গুজব ছড়ানোর ব্যাপারে সতর্ক থাকার মতো গুরুত্বপূর্ণ নীতিমালা তুলে ধরেন। তিনি বলেন, এসব নির্দেশনা অনুসরণ করতে পারলে সাংবাদিকতা কেবল জীবিকা নির্বাহের পেশায় সীমাবদ্ধ থাকবে না; বরং তা একজন সাংবাদিকের জন্য আল্লাহর ইবাদত হিসেবেও গণ্য হতে পারে।

তিনি আরও বলেন, ধর্মের নামে উগ্রতা, হিংস্রতা ও অসহিষ্ণুতা এবং বিভিন্ন ধর্মীয় ইস্যুতে উন্মাদনা সৃষ্টি করে সমাজে নৈরাজ্য, সংঘাত ও সহিংসতা ছড়ানোর প্রবণতা প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় চিন্তা ও নেতৃত্বের ইতিবাচক সংস্কার এবং সমাজে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের কোরআন সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান থাকা জরুরি। কুরআনের আলোকে সাংবাদিকরা ধর্মীয় নেতৃত্বের কাছে যথাযথ ও যুক্তিনিষ্ঠ প্রশ্ন তুলে ধরতে এবং সমাজকে বিভ্রান্তি ও নৈরাজ্য থেকে রক্ষায় ভূমিকা রাখতে পারেন।

সভায় কুমিল্লা প্রেস ক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে নিয়মিত কুরআন পাঠের একটি আসর চালুর আহ্বান জানান কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ককে ধন্যবাদ জানান। তিনি এ ধরনের উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং কুরআন পাঠের সংস্কৃতি সম্প্রসারণের এই উদ্যোগের সঙ্গে সহমত ব্যক্ত করেন।