কুমিল্লা-৫ আসনে জামানত বাজেয়াপ্ত ৮ জনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি প্রার্থী হাজী মো. জসিম উদ্দিন জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে দেখা যায়, ১০ প্রার্থীর মধ্যে ৮ জনই নির্বাচনী নিয়ম অনুযায়ী জামানত হারিয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল মাত্র দুই প্রার্থীর মধ্যে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলায় ভোট পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৮৯টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ১ লাখ ১৩ হাজার ৫৯৬টি।
দুই উপজেলার মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১৮৫। নির্বাচনী বিধি অনুযায়ী, মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ হিসেবে ন্যূনতম ভোটের সংখ্যা ছিল ৩২ হাজার ৭৭৩।
ফলাফলে দেখা যায়, বিএনপি প্রার্থী জসিম উদ্দিন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। ফলে জসিম উদ্দিন ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।
বুড়িচং উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।
বিজয়ী ও রানারআপ ছাড়া বাকি আট প্রার্থী নির্বাচনী ভোটের ন্যূনতম সীমা অর্জন করতে ব্যর্থ হয়ে জামানত হারান।
তারা হলেন
আব্দুল্লাহ আল ক্বাফী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ৩৩৪ ভোট)
আবুল কালাম ইদ্রিস (বাংলাদেশ মুসলিম লীগ, ১৪৫ ভোট)
তানজিল আহমেদ (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ১৬২ ভোট)
মো. আবুল বাশার (ন্যাশনাল পিপলস পার্টি, ৯৭ ভোট)
মো. ইমরান উল হক (জাতীয় পার্টি, ৬৭২ ভোট)
মোহাম্মদ রাশেদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১,৪৫১ ভোট)
জোবায়ের আহমেদ ভূঁইয়া (আমার বাংলাদেশ পার্টি, ২,০০৯ ভোট)
শিরীন আক্তার (জাতীয় সমাজতান্ত্রিক দল, ১৩৭ ভোট)
নির্বাচনী দিন কেন্দ্রগুলোতে দেখা যায়, অনেক প্রার্থী সরাসরি ভোট এজেন্ট পাঠাতে পারেননি। ফলে কুমিল্লা-৫ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও, অন্যান্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট সংগ্রহ করতে ব্যর্থ হয়ে জামানত হারান।











