চান্দিনায় মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ
চান্দিনা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস, দুটি হাইয়েস ও সিমেন্টবাহী ট্রাকের মধ্যে এক চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত তিনটি যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো যাত্রী হতাহত হয়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের কুটুম্বপুর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা হাইয়েস মাইক্রোবাস আকস্মিক ব্রেক করে। এ সময় পেছনে থাকা ক্রাউন সিমেন্টবাহী একটি খোলা ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-৩১১৫), অপর একটি হাইয়েস (ঢাকা মেট্রো-চ-১৯-৯৮০৩) এবং একটি সেন্টমার্টিন যাত্রীবাহী বাস (রেজি. নং ১১-০২৬৪) একে অপরের পেছনে পর পর সজোড়ে ধাক্কা খায়। সংঘর্ষে যানবাহনগুলোর সামনের ও পেছনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরকারি রেকারের সহায়তায় দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যায় কুটুম্বপুর এলাকায় কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়িগুলোর ক্ষতি হলেও কোনো যাত্রী হতাহত হননি। দ্রুততম সময়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।