,

চান্দিনায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 8, 2021
news-image

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে চারশত পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুন) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গোবিন্দপুর এলাকায় চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ মো. মাহফুজ (৩৬) কে আটক করা হয়। সে নাঙ্গলকোট উপজেলার শাকতলী গ্রামের মোস্তফা কামালের ছেলে।

একই দিন সন্ধ্যায় এসআই মো. মঞ্জুর আলম এর নেতৃত্বে চান্দিনা পৌরসভা এলাকার হাড়িখোলা কাঁচা বাজার থেকে ৪শত পিস ইয়াবাসহ রবিউল আলম সবুজ (২১) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার হায়দরাবাদ হিল্লাপাড়ার বাদশা মিয়ার ছেলে।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত দুই জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে দুইজন মাদক ব্যবসায়ীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।