চিলি আর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দলে রাখা হয়নি মেসি-আগুয়েরোকে
আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি এই দুই ম্যাচ তো খেলতে পারবেন না-ই, অক্টোবরে হতে যাওয়া জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচটাও খেলা হবে না তাঁর। নিষেধাজ্ঞার কারণে মেসি খেলবেন না, আগেই জানা ছিল। চিলি আর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে রাখা হয়নি আরেক অভিজ্ঞ স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকেও। তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিপক্ষে অভিযোগ করে সংস্থাটার চক্ষুশূল হয়েছিলেন মেসি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। মেসিকে যেহেতু পাচ্ছেন না, এই সুযোগে নতুনদের বাজিয়ে দেখার সুযোগটা হাতছাড়া করলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চিলি ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়েছে সাত আনকোরা খেলোয়াড়ের, আর্জেন্টিনার জার্সি গায়ে যাঁদের এর আগে মাঠে নামতে দেখা যায়নি।