মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০২৩
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে ইব্রাহিম খলিল (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার জয়মঙ্গলপুর গ্রামে সালেহ্ আহমেদের বসতঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের সালেহ্ আহমেদের ছেলে।

জানা গেছে, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের সময় আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে ঘরে থাকা শিশু ইব্রাহিম খলিল খাটের নীচে লুকিয়ে পড়ে। এতে বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে শিশু ইব্রাহিম খলিল নিহত হয়। সংবাদ পেয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশু ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ।

তিনি বলেন, ‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় খাটের নীচ থেকে পুড়ে যাওয়া শিশু ইব্রাহিম খলিলের মরদেহ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।