,

চৌদ্দগ্রামে মাকে খুন করা ছেলেটি পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভুগি (অব:) বিডিআর সদস্য

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের কুড়ালের আঘাতে খায়েরুন নেছা (৮০) নামে এক মা খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত ছেলে আবু বকরকে আটক করেছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আবু বকর একই গ্রামের মৃত আনোয়ার উল্লাহর পুত্র এবং পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য।

জানা গেছে, পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগের পর থেকে থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবু বকর (৩০)। তার এমন অবস্থায় সম্প্রতি এক মেয়ে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। নানামুখী সমস্যায় আবু বকরের মানসিক সমস্যা আরও বেড়ে যায়। রোববার দুপুরে নিজ ঘরে জোহরের নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসী ঘাতক ছেলে আবু বকরকে আটক শেষে গণধোলাই দেয়। পরে আবু বকরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, ঘাতক ছেলেকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।