ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন
ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন
সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুকেভিক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন। এপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। এতে কৃষকরাও যোগ দেন। রাজধানীর প্রধান সড়ক অবরোধ করার পর প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হতে থাকে।
গত বছরের ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তাদের অভিযোগ, স্টেশন নির্মাণে দুর্নীতি না হলে এত মানুষের প্রাণহানি হতো না।
গতকাল প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেন। একই দিন ছাত্ররা রাজধানীর প্রাণকেন্দ্র অটোকোমান্ডা জংশন অবরোধ করেন, যার ফলে পুরো শহর প্রায় অচল হয়ে পড়ে।
নভেম্বরে আন্দোলন শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের ওপর নিয়মিত হামলা হতে থাকে। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বিস্তৃত হতে থাকে এবং ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষও এই আন্দোলনে সমর্থন জানাতে থাকেন।
গতকাল ছাত্ররা সড়ক অবরোধ করলে কৃষকরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ট্রাক্টর নিয়ে সেখানে উপস্থিত হন।










