,

টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, জরুরি অবস্থা জারি

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2026
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

টানা বৃষ্টিতে মারাত্মক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলায় জরুরি অবস্থা জারি করেছে নগর কর্তৃপক্ষ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এএফপির এক প্রতিবেদনে বরাতে গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর গভর্নর জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শহরে প্রায় ৩০০ মিলিমিটার (১১.৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। জরুরি দুর্যোগ ঘোষণার ফলে স্থানীয় সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা পেয়েছে।

টানা বৃষ্টির কারণে সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং খালের পানি উপচে সংলগ্ন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। উত্তর ব্যাংককের এক স্থানীয় বাসিন্দা জানান, পানি কোমর সমান উঠে যাওয়ায় দোকান বন্ধ রাখতে হয়েছে এবং তার মতে এটি ২০১১ সালের ভয়াবহ বন্যার চেয়েও মারাত্মক রূপ নিয়েছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিথিপুন্ট জানান, শহরের পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামনে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘অনবরত বৃষ্টি হচ্ছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সেচ দিয়ে পানি বের করার চেষ্টা করা হলেও খালের পানি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।’

গভর্নর খালসংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত তাদের যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে জীবন রক্ষাকারী চিকিৎসার ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদের সাময়িকভাবে হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০১১ সালে থাইল্যান্ডজুড়ে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সূত্র: গালফ নিউজ