,

দাউদকান্দিতে মিনি ট্রাক থেকে ৩৬ হাজার ইয়াবা ও পিস্তলসহ গুলি উদ্ধার, আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2026
news-image

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপ (মিনি ট্রাক) থেকে ৩৬ হাজার পিস ইয়াবা ও বিদেশি একটি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ । এ সময় গাড়ির চালক জাকারিয়াকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে সড়কে মিনিট্রাক থেকে এসব ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে দাউদকান্দি মডেল থানা পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক আটক জাকারিয়া (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি মিনিট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছে। পরে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন মিনিট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। চালককে দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলেও সে মাদক পাচার ও অস্ত্রের বিষয়টি অস্বীকার করে। পরে গাড়ীর পেছনের বডিতে বিশেষ কৌশলে ইয়াবা রেখে উপর আরেকটি ষ্টীলের সিট দিয়ে ঢেকে দেয়। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রি দিয়ে সিট কেটে ৩৩টি জ্যামেতি বক্সের ভিতর রাখা ৮০ টি প্যাকেটে ৩৬ হাজার উদ্ধার করা হয়েছে। আর সামনের সিটের নিচ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে দাউদকান্দি টোলপ্লাজার সামনে থেকে ওই গাড়িটিতে তল্লাশি চালাই। গাড়িটি থেকে অস্ত্র ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র ও  মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।