দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
হাবিবুর রহমান মুন্না।।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সমালোচনা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বুধবার (১৮ মার্চ) নগরীর টমছমব্রীজ এলাকার একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনা ও সাম্প্রতিক আন্দোলনের লক্ষ্যকে সামনে রেখে সরকার একটি উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন। এমন সমালোচনাই আমরা প্রত্যাশা করি, যা দেশ ও সমাজকে এগিয়ে নিতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, সরকার আন্তরিকতা ও সততার সঙ্গে জনগণের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যতদিন দায়িত্বে রাখবেন, ততদিন নিষ্ঠা, সততা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।” এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।