,

নাঙ্গলকোটে বিএনপি নেতা হত্যা মামলায় তিনশ জনের বিরুদ্ধে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে ভোটের দিন বাচ্চু মিয়া নামে স্থানীয় এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে রবিবার রাতে নাঙ্গলকোট থানায় অজ্ঞাতনামা তিনশ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কুমিল্লা ১০ সংসদীয় আসনের নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাচ্চু মিয়া। কেন্দ্রের অদূরে হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী তাকে কেন্দ্রে যেতে বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে কেন্দ্রে যেতে চাইলে বাচ্চু মিয়াকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ছেলে নাসির উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।