রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঁশের ঠেলানে ভিক্টোরিয়া কলেজে ৭১টি স্ল্যাবের ব্যতিক্রম স্বাধীনতা সৌধ রক্ষা !

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০২৪
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু:
হয়তো নিম্নমানের কাজের জন্য রানীর দীঘীতে দেবে গেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক শাখায় ৭১ স্ল্যাবের ব্যতিক্রম স্বাধীনতা সৌধ। তিন দিকে লোহার বেদি আর রানীর দীঘির পূর্ব পাশে ৭১টি বর্গাকার বাক্স এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এগুলোই স্বাধীন বাংলাদেশের একটি প্রতিচ্ছবি। এই ঐতিহ্যবাহী স্বাধীনতা সৌধটির এখন বেহাল দশা । মাঝখানে গর্ত হয়ে গেছে। পূর্ব পাশ হেলে পড়েছে যাচ্ছে রাণীর দীঘিতে। ব্যতিক্রমী স্বাধীনতা সৌধটি সংস্কার করা প্রয়োজন। যদিও একটি দেয়াল নিমার্ণ করতে দেখা যাচ্ছে পূর্ব পাশে।

বিভিন্ন গ্রন্থের সূত্রমতে, ১৯৯৪ সালের ৮ই জুলাই স্মৃতিসৌধটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন ওল্ড ভিক্টোরিয়ান্সের সভাপতি ও বাংলাদেশ সরকারের তৎকালীন সচিব এ এইচ মোফাজ্জল করিম।১৯৯৫ সালের ২৬শে মার্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ জননী যতীন্দ্র ভদ্রের মা। স্বাধীনতা সৌধের স্থাপত্য নকশা তৈরি করেন বুয়েট স্থাপত্য বিভাগের অধ্যাপক নিজামউদ্দিন আহমদ, প্রকৌশলী শেখ আবুল হোসেন, প্রকৌশলী গোলাম মহিউদ্দিন প্রমুখ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন বিদ্যার্থীর সংগঠন ওল্ড ভিক্টোরিয়ান্স-এর নিজস্ব তহবিল ছাড়াও এটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন ওল্ড ভিক্টোরিয়ান ইউসুফ আবদুল্লাহ হারুন এবং ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
মুক্তিযুদ্ধে এ কলেজের ছাত্র ও শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, অনেকে শহীদ হয়েছেন। তাঁদের স্মরণে কলেজের সামনে স্থাপিত হয়েছে “স্বাধীনতা সৌধ’।

এ স্বাধীনতা সৌধটির দৈর্ঘ্য ৭২ ফুট, প্রস্থ ১৭ ফুট। এখানে মোট ৭১টি বর্গাকার স্ল্যাব রয়েছে। এটি শুভ্র ও পবিত্রতার প্রতীক । প্রতিটি স্ল্যাবের দৈর্ঘ্য দুই ফুট চার ইঞ্চি ও প্রস্থ দুই ফুট চার ইঞ্চি । সৌধে প্রবেশে উত্তরমুখী একটি বর্গাকৃতি স্ল্যাব। যা বাঙালি চেতনা পয়লা বৈশাখকে স্মরণ করিয়ে দেয়। এর সাথেই রয়েছে দুটি গর্তের আদলে স্ল্যাব। ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত বহু আন্দোলন সংগ্রাম ইতিহাস ধারণ করতে পারেনি, তাই এ স্ল্যাবগুলো গর্তে ডুবে আছে।

এরপর রয়েছে স্তরে স্তরে সাজানো সাতটি স্ল্যাব, যা ৭ মার্চকে বুঝানো হয়েছে। এর দক্ষিণে রয়েছে এলোমেলোভাবে সাজানো ২১টি বর্গাকার স্ল্যাব, যা ভাষা আন্দোলনের স্মৃতি বহণ করে। পাশেই রয়েছে ২৬টি বর্গাকার স্ল্যাব, যা স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের নিদর্শন। সর্বশেষ রয়েছে ১৬টি বর্গাকার স্ল্যাব, যা বিজয়ের প্রতীক হিসাবে পরিগণিত করা হয়েছে। ডুবে যাওয়া দুটি স্ল্যাব বাদ দিলে, মোট স্ল্যাব সংখ্যা ৭১টি।

প্রসঙ্গত, ১৮৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এ কলেজের তিনশতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। স্বাধীনতা সৌধ ২৮ জন শহীদের নামে উৎসর্গ করা হয়েছে, যাঁরা ছিলেন এ কলেজের শিক্ষক ও ছাত্র। তাঁরা হলেন- এডভোকেট যতীন্দ্র কুমার ভদ্র, এডভোকেট প্রসন্ন কুমার ভৌমিক, লে. কর্নেল মোস্তাক আহমদ, দিলীপ দত্ত, প্রাণগোপাল ভট্টাচার্য, শিশির চন্দ্র দাস রানা, অসীম শান্তি রায়, অশোক কুমার গুহ বেনু, নীহার রঞ্জন সরকার, প্রিয়লাল ঘোষ, কাজল কুমার ভদ্র, এ কে এম শাহনেওয়াজ সরদার, হুমায়ুন কবীর, আবদুল মান্নান, কাজী আবদুল মালেক, বিজয়কৃষ্ণ গোস্বামী, মো. শামসুল হক, এ কে এম মোজাম্মেল হক, মো. খাজা নিজামউদ্দিন ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম, খন্দকার আবু তাহের আবু, জয়নাল আবেদিন, মো. সেলিম মিঞা, মো. সোলায়মান মিঞা, মো. মোস্তফা কামাল, পরিমল চন্দ্র দত্ত, ভুলু পাল ও সৈয়দ সফিকুর রহমান।