,

বুড়িচংয়ে যুবলীগ নেতা আদনান গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
August 13, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে উপজেলা যুবলীগ নেতা আদনান হায়দারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আদনান হায়দার বুড়িচং উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে। তিনি উপজেলার সিন্দুরিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আদনান হায়দারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এ ছাড়া বুড়িচং থানায় ২০২২ সালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০২৪ সালে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে আরো দুটি মামলা রয়েছে।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।