মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় সীমান্তে গুলিতে নিহত যুবক, ৪ দিনেও মেলেনি মরদেহ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৫, ২০২৬
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তসংলগ্ন ভারতীয় এলাকায় সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ কয়েকদিন ধরে পড়ে আছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে রোববার (৫ এপ্রিল) বিকেল পর্যন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সাদ্দাম হোসেন আরও তিনজনের সঙ্গে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরে আসেন।

সাদ্দামের বন্ধু আবু বক্কর শুক্রবার রাতে তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।

নিহতের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, “বুধবার বাড়ি থেকে বের হওয়ার সময় সাদ্দাম মোবাইল ফোন সঙ্গে নেয়নি। প্রথমে আমরা ভেবেছিলাম সে আত্মীয়ের বাড়িতে গেছে। পরে জানতে পারি, সে সীমান্ত পেরিয়ে ভারতে গেছে।”

তিনি আরও অভিযোগ করেন, “আমার ভাইকে কোমর ও পায়ে গুলি করা হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় শনিবার কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ তাদের বিষয়টি বিজিবিকে জানাতে পরামর্শ দিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “শুনেছি মরদেহটি সীমান্তের ওপারে পড়ে আছে। এটি সীমান্তসংক্রান্ত বিষয় হওয়ায় মরদেহ দেশে আনা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর বিজিবি তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তারা এখনো কোনো মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত করেনি।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে সতর্ক করা হচ্ছে।