মনোহরগঞ্জে খাল দখল করে প্রভাবশালীদের মার্কেট
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পেয়ারাতলী থেকে সাতঘরিয়া সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণ করেছেন প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে তারা উপজেলার বাদামতলী বাজার এলাকায় একটি খাল ভরাট করে এই বাণিজ্যিক মার্কেট গড়ে তুলেছেন। এতে অস্তিত্ব হারাতে বসেছে খালটি। এছাড়া খালের পানি প্রবাহ ব্যহত হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
অভিযোগ আছে, পতিত আওয়ামীলীগ, যুবলীগ ও ফায়ারব্রিগ্রেডের এক সদস্যসহ দলের লোকজনের ছত্রছায়ায় তারা এই খাল দখল করছেন। এজন্য সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের আপন ভাতিজা মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামকে ম্যানেজ করে তারা এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে ।
খোঁজ নিয়ে জানা গেছে, পেয়ারাতলী গ্রাম থেকে সাতঘরিয়া পর্যন্ত এই খালটি কয়েক বছর আগেও পানি প্রবাহ স্বাভাবিক ছিল। খালে মাছ ধরার পাশাপাশি স্থানীয় কৃষকরা এই খালের পানি কাজে লাগাতেন তদের ফসলি জমিতেও। এছাড়াও অতিবৃষ্টিতে স্থানীয়দের ঘর-বাড়িতে ওঠা পানি নিস্কাসনের মাধ্যমও ছিল সরকারি এই খালটি। তবে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের উপকারে আসা এই খালের দিকে নজর পড়ে এলাকার প্রভাবশালী চক্রের। তারা খালটিকে দখল করে এখন মার্কেটে রূপান্তর করেছে।
তবে প্রতি বছরে দুইটা তিনটা করে দোকান তুলে গড়ে উঠেছে বিশাল মার্কেট। এর ফলে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ। এ নিয়ে অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেনা স্থানীয়রা।
উপজেলার বাইশগাঁও ইউনিয়নে পতিত আওয়ামী সরকারের সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মমিন,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোক্তার হোসেন স্বপন। যুবলীগ নেতা কোরবান আলী, যুবলীগ নেতা ও ফায়ার বিগ্রেডে সদস্য ফিরোজ আলম সোহাগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক বাইশগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার জাপর আহমেদসহ বেশ কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে খালটি ভরাট করে। খালটির পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। সবচেয়ে বেশি দোকান ঘর তুলছেন সাবেক আওয়ামী লীগের সাবেক সভাপতির ও তার ছেলে যুবলীগ নেতা আবদুল মমিন। তাদের রয়েছে পাঁচটি দোকান ঘর। দুটি দোকানে রয়েছে ফার্নিচার দুটিতে রয়েছে ফার্মেসী, আর একটি ভাড়া দিয়েছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির অফিস। তারা এ-সবই করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামকে ম্যানেজ করে। ২০২৩ সালের দিকে প্রথমে তারা আওয়ামী লীগের অফিস করেন পরে সেটিকে ভেঙে গড়ে তোলেন মার্কেট। সাথে থাকায় স্থানীয় ফসলি জমিগুলোতে পানি না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি।
স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, এই খালে পানি আমাদের ফসলি জমিতে কাজে লেগেছে। বৃষ্টির সময় বাড়ি-ঘরে উঠা পানি সরেছে এই খাল দিয়ে। কিন্তু প্রভাবশালী চক্রের কারণে খালটি অস্তিত্ব হারাতে বসেছে। আমরা একাধিকবার আপত্তি জানিয়েও লাভ হয়নি। ভূমি অফিসকে ম্যানেজ করে খালে এখন মার্কেট বানানো হয়েছে।
প্রভাবশালীরা এ-সব দখল করার কারনে ভয়ে মুখ খুলছেন না কেউ। একের পর এক দখলের কারণে খালটি সংকুচিত হয়ে পড়েছে। বাইশগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম-আহবায়ক আব্দুল মমিনের রয়েছে মোট পাঁচটি দোকান ঘর। যার মধ্যে বাজারের পূর্ব মাথায় দুটি দোকানে ফার্নিচারের জন্য ভাড়া নেয় বাবুল মিয়া।
বাবুল মিয়া মুঠোফোনে বলেন, আমি আব্দুল মমিন থেকে দুটি দোকান ঘর বাড়ায় নিয়েছি প্রতি মাসে তিন হাজার পাঁচশত টাকায়। আমি এখানে ফার্নিচারের মালামাল বানিয়ে থাকি।
বাজারের মধ্য খানে তার বাকি তিনটি দোকানের মধ্যে দুটিতে রয়েছে ফার্মেসী, আর বাকি ঘরটিতে রয়েছে ওয়ার্ড বিএনপির অফিস। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাজার কমিটির সভাপতি মনির হোসেন বলেন, আমরা এই অফিসটি ব্যবহার করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোন ভাড়ার বিষয়ে কোন কথা হয়নি।

অভিযুক্ত দখলদার আবদুল মমিন বলেন, এটাতো নির্বাচনকালীন আওয়ামী লীগের অফিস। এটা সব সময়ে নির্বাচনের সময় থাকে এখানে। নির্বাচনকালীন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়। এখানে দোকান যা সবগুলো সরকারি খালের উপরে। আমরা আমির ভাই (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম) থেকে অনুমতি নিয়ে এগুলো করা হইছে। আমাদের মোট পাঁচটি দোকান ঘর রয়েছে বাজারে।
তার পাশেই রয়েছে যুবলীগ নেতা কোরবান আলীর আরেকটি দোকান ঘর। যেখানে রয়েছে একটি ওয়ার্কশপ। যেটি ভাড়া নিয়েছেন জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম বলেন, আমি কোরবান আলী ভাইয়ের দোকানঘরে ভাড়া থাকি। প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাড়া দেই।
অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের সদস্য দখলদার কোরবান আলী বলেন, আমার এখানে একটি ওয়ার্কশপ রয়েছে। প্রতিমাসে ১ হাজার টাকা ভাড়া পাই আমি। তার পাশেই আরেকটি দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন আন্দিরপাড় গ্রামের ফিরোজ আলম সোহাগ, তিনি বর্তমানে ফায়ারব্রিগ্রেডে কর্মরত আছেন। এই বিষয়ে ফিরোজ আলম সোহাগের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি তার দোকানের বিষয়টি অস্বীকার করে বলেন, এটি আমার এক ভাইয়ের। তবে ভাইয়ের নাম বলা যাবে না। যেখানে রয়েছে একটি গোডাউন। সেটি ভাড়া নিয়েছেন বুরপৃষ্ঠ গ্রামের সজিব।
জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি মুঠোফোনে বলেন, আমরা সরকারি যায়গায় কোন স্থাপনা থাকলে সেই বিষয়ে আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।