মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৪, ২০২৬
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবস্থান নেয়।

জানা গেছে, গত ২৯ মার্চ জাহাজটি মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং লাইনস।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরেই ছোট জাহাজে স্থানান্তর (লাইটারিং) করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দুই ধাপে কাজ চালাতে হবে।

তিনি আরও বলেন, সবকিছু অনুকূলে থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।

এদিকে, এর আগে শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬ এ খালাস কার্যক্রম শুরু করেছে। জাহাজটি রোববার বন্দর ত্যাগ করবে। এটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার দিয়ে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে আসা দশম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা মজুদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।