,

মুরাদনগরে পিতাকে কুপিয়ে আহত, পুত্র আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 7, 2017
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে পিতাকে কোপানো পাষন্ড পুত্র মামুন মিয়াকে(৩৫) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মামুন মিয়া সাতমোড়া গ্রামের মিরন মিয়ার ছেলে।
জানা যায়, সম্পত্বি নিয়ে বিরোধের জের ধরে সাতমোড়া গ্রামে পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে গুরতর জখমকারী পাষন্ড পুত্র তার বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মুরাদনগর-বাখরাবাদ সড়কের সাতমোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
হামলায় আহত মিরন মিয়ার স্ত্রী জোসনা বেগম বাদি হয়ে বুধবার রাতে এজাহার নামীয় ৬ ও অজ্ঞাত ৩জনসহ মোট ৯জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ১৫ই আগষ্ট বসতবাড়ীর জায়গা সম্পত্বি নিয়ে সাতমোড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মিরন মিয়া এবং তার একমাত্র পুত্র মামুন মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্র মামুন মিয়া উত্তেজিত হয়ে তার স্ত্রীর সহযোগিতায় ধারালো দা নিয়ে তার পিতার উপর হামলা চালিয়ে তাকে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
হামলার শিকার মোঃ মিরন মিয়া(৫৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চিকিৎসাধীন রয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।