মেঘনায় আঞ্চলিক সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মেঘনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মিম আক্তার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার বিয়ে হয়েছিল পাশের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর (লক্ষ্মীপুর) গ্রামের মো. সিয়ামের সঙ্গে। তাদের কোনো সন্তান নেই।
পুলিশ জানিয়েছে, মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে আঞ্চলিক সড়কের ওপর এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানায়, তরুণীর মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।