‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু
মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মোঃ গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার মসজিদে এশার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। তিনি পেশায় জমির পরিমাপক (আমিন) হিসেবে কর্মরত ছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি এশার নামাজ আদায়ের জন্য ধনীরামপুর বাজার মসজিদে যান। এশার ফরজ নামাজ শেষে বেতর নামাজ আদায়ের সময় তিনি দ্বিতীয় রাকাতের রুকুতে যান। সেখান থেকেই সামনের দিকে ঝুঁকে পরে যায়। বিষয়টি খেয়াল করে অন্য মুসল্লিরা এগিয়ে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন সরকারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় ধনীরামপুর খেলার মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
- এদিকে, মসজিদে নামাজরত অবস্থায় তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। অনেকেই তার জন্য মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন।