মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে সার ডিলারদের কঠিন কর্মসূচীর হুশিয়ারি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৯, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার।। 

অন্তর্বর্তীকালীন সরকার প্রনীত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবী করছে সার ডিলারগণ। অন্যথায় এ দাবী আদায়ে বিএফএ সারা দেশে সার ক্রয় বিক্রয় বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছে।

সার ডিলারদের সংগঠন বিএফএ বিএনপি সরকার গঠনের পর থেকেই নীতিমালা ২০২৫ স্থগিত বা বাতিলের জোর দাবী জানিয়ে আসছে।

নীতিমালা ২০২৫ কে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে সরকার বাতিল না করলে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ( বিএফএ) সারাদেশে এক যোগে সকল সার ডিলার ও খুচরা সার বিক্রেতাগণ কৃষকের কাছে সার বিক্রয়সহ সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখবে বলে হুশিয়ারি দিয়েছে ।

সংগঠনের পক্ষে (রবিবার)২৯ মার্চ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন কঠিন আন্দোলনের ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, সরকারের কৃষি মন্ত্রী আমিনুর রশিদের কাছে সংগঠনের নেতৃবৃন্দ একাধিকবার লিখিত ভাবে নীতিমালা ২০২৫ এর কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করে বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল রেখে অধিকতর পর্যালোচনা ও সকল অংশীদারদের মতামত নিয়ে নতুন করে যুগোপযোগী নীতিমালা প্রনয়নের দাবী জানানো হয়। কৃষি মন্ত্রী এ ব্যাপারে কোন উদ্যোগ না নিলে ডিলারদের দাবী আদায়ের লক্ষে গত ১১ মার্চ ২০ হাজার সার ডিলার মানব বন্ধন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ঐ মানব বন্ধন কর্মসূচীতে সংগঠনের নেতৃবৃন্দ ২ কর্মদিবসের মধ্যে সরকার তাদের ন্যায্য দাবী মেনে না নিলে দেশব্যাপী কঠিন আন্দোলনের ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আজকে এই সার বিক্রয়,বিতরণ, উত্তোলন,সরবরাহ এবং পরিবহনসহ সকল কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচীর ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ বিরোধী নীতিমালা ২০২৫ এর কার্যক্রম শুরু হলে সারা দেশের ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন যাবত তাদের ব্যবসায় বিনিয়োগের লক্ষ লক্ষ টাকা মাঠে অনাদায় রেখে বেকার ও নিঃস্ব হয়ে যাবে । যার ফলে কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা বিরাজ করার আশংকা রয়েছে। একদিকে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে যুদ্ধের কারনে দেশে জ্বালানি তেলের সংকট অপর দিকে সার সংকট দেখা দিলে দেশে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করার আশংকা রয়েছে। এমন পরিস্থিতিতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা ও সার সংকট নিরসনের জন্য সরকারের নীতি নির্ধারকদের প্রতি জোর দাবী জানান। অন্যথায় কঠিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এমন পরিস্থিতির জন্য সরকারকেই তার সকল দায়ভার বহন করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

অপরদিকে কৃষি মন্ত্রীর বিরুদ্ধে সার ডিলারদের এমন অভিযোগের বিষয়ে মন্ত্রীর একান্ত সচিব মোঃ খোরশেদ আলম ( যুগ্ম সচিব সংযুক্ত) জানান, মন্ত্রী মহোদয়ের নির্দেশে গত ১৫ মার্চ ২০২৬ এ নীতিমালা ২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত পরিপত্রের অনুচ্ছেদ ২(ঙ) কার্যক্রমের সময় এক মাস বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ৩১ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত সাব ডিলার বা খুচরা সার বিক্রেতাগণ পূর্বের নিয়মে সার ক্রয় বিক্রয় করতে পারবেন। তার সাথে নীতিমালা অধিকতর পর্যালোচনা করে প্রতিবেদন প্রদানের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দেয়া হয়েছে। ঈদের পরপরই এ কমিটি তাদের সভা করে একটি প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।।